IPL-এর সমাপ্তি অনুষ্ঠানের নাম ‘অপারেশন সিঁদুর’, সম্মান জানানো হল ভারতের বীর সেনাদের

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ফাইনাল ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং পাঞ্জাব কিংস (PBKS)-এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই বহু প্রতীক্ষিত ম্যাচের আগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান, যা এবার উৎসর্গ করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে যে আক্রমণ চালিয়েছিল, সেই ঐতিহাসিক অভিযানের নাম দেওয়া হয়েছিল

‘অপারেশন সিঁদুর’।

সমাপ্তি অনুষ্ঠানে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশাত্মবোধক গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন প্রখ্যাত গায়ক শঙ্কর মহাদেবন এবং তাঁর পুত্র সিদ্ধার্থ ও শিবম মহাদেবন। স্টেডিয়ামের বিশাল পর্দায় ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি সংক্ষিপ্ত ভিডিও দেখানো হয়, যেখানে গত কয়েক সপ্তাহে সশস্ত্র বাহিনীর প্রতি বিভিন্ন দলের শ্রদ্ধাঞ্জলিও তুলে ধরা হয়।

শঙ্কর মহাদেবন তাঁর জনপ্রিয় দেশাত্মবোধক গান যেমন “অ্যায় ওয়াতন”, “কান্ধো সে মিলতে হ্যায় কান্ধে” এবং “বন্দে মাতরম”-এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর “৮৩” ছবির বিখ্যাত গান “লেহরা দো” এবং ‘দশ’ ছবির “হিন্দুস্তানি” গানটি পরিবেশিত হয়, যা স্টেডিয়ামের পরিবেশকে সম্পূর্ণভাবে উদ্দীপিত করে তোলে। দেশাত্মবোধক সুরের মূর্ছনায় ফাইনালের আগে স্টেডিয়াম জুড়ে এক ভিন্ন আবহাওয়া তৈরি হয়।

‘অপারেশন সিঁদুর’-এর জন্য সাময়িক বিরতি, তারপর ফের শুরু আইপিএল

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর কারণেই কয়েক দিনের জন্য আইপিএল স্থগিত রাখা হয়েছিল। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কোচ এবং সর্বোপরি দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বিরতির পর ফের শুরু হয় আইপিএল, এবং আজ সেই টুর্নামেন্টের ফাইনাল। তাই বিসিসিআই-এর কাছে এই মঞ্চ ছিল ‘অপারেশন সিঁদুর’-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সেরা সুযোগ, যা রজার বিনিরা সফলভাবে করে দেখালেন।

ফাইনালে দুই দলের একাদশ

আজকের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেয়িং ইলেভেনে রয়েছেন: ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জোশ হ্যাজেলউড।

অন্যদিকে, পাঞ্জাব কিংসের প্লেয়িং ইলেভেনে রয়েছেন: প্রিয়াংশ আর্য, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, আজমতুল্লাহ উমরজাই, কাইল জেমিসন, বিজয়কুমার বৈশাক, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।