“মোদীর নামে সিঁদুর পরবেন! ওয়ান নেশন, ওয়ান হাজব্যান্ড প্রকল্প”-মন্তব্য ভগবন্ত মানের

‘অপারেশন সিঁদুর’ নিয়ে দেশজুড়ে বিজেপির প্রচার যখন তুঙ্গে, ঠিক তখনই তাতে নতুন বিতর্কিত মাত্রা যোগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আপ নেতা ভগবন্ত মান। তিনি এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে বলেছেন, “এটা বিজেপির ‘ওয়ান নেশন, ওয়ান হাজব্যান্ড’ প্রকল্প!” শুধু তাই নয়, ভগবন্ত মানের অভিযোগ, বিজেপি সিঁদুরকে রসিকতার পর্যায়ে নামিয়ে এনেছে। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি।
পহেলগামে জঙ্গি হামলার পাল্টা অভিযানে নেমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ‘অপারেশন সিঁদুর’ নামক এই সামরিক সাফল্যের উদযাপনে বিজেপি দেশজুড়ে ঘরে ঘরে সিঁদুর পাঠানোর কর্মসূচি নিয়েছে। এই উদ্যোগকে কটাক্ষ করতে গিয়েই ভগবন্ত মান এমন বিতর্কিত মন্তব্য করে বসেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, “অপারেশন সিঁদুরের নামে ভোট চাইছে বিজেপি। ওরা সিঁদুর নিয়ে রসিকতা করছে। এখন কি মোদীর নামে সিঁদুর পরবেন? এটা ‘ওয়ান নেশন, ওয়ান হাজব্যান্ড’ প্রকল্প!” আগামী ১৯ জুন লুধিয়ানায় উপনির্বাচন রয়েছে। তার আগে ভগবন্ত মানের এই মন্তব্যে রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে।
ভগবন্ত মানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। পাঞ্জাবে বিজেপির মুখপাত্র প্রীতপাল সিং বালিওয়াল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। লজ্জাজনক বক্তব্য।” তিনি কটাক্ষ করে আরও বলেন যে, মানের ন্যূনতম সংবেদনশীলতা নেই।
প্রসঙ্গত, এর আগেও ‘সিঁদুর’ ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেছিলেন, “অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যাল ক্যাচের জন্য। তবে এখনই এই নিয়ে কোনও মন্তব্য করব না। বিজেপির বিরোধী দলের প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে। এই সময়ে নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন একজন প্রধানমন্ত্রী। এটা শোভা দেয় না। এটা কোনও সৌজন্য হতে পারে না।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মোদী একসময়ে নিজেকে চা ওয়ালা বলতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এ ভাবে বেচা যায় না। তা মা বোনেদের আত্মসম্মান।” একইসঙ্গে তিনি মোদী নিজের স্ত্রীকে সিঁদুর দেন না, সেই প্রশ্নও তুলেছিলেন।
ভগবন্ত মানের এই নতুন মন্তব্য ‘অপারেশন সিঁদুর’ ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। আসন্ন উপনির্বাচনের আগে এই বিতর্ক বিজেপির প্রচারে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।