পুরীর মন্দিরের অন্দরে গোপনীয়তা ফাঁস! কে করল এমনটা? তদন্তকারীদের নজরে বাঙালি প্রোফাইল

ফের আলোচনার কেন্দ্রে পুরীর জগন্নাথ মন্দির। এবার মন্দিরের অন্দরের গোপনীয় আচার-অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার পরিপন্থী হওয়ায় বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে তদন্ত। কে এই কাজ করেছে? তদন্তকারীদের নজরে রয়েছে ‘সুরজিৎ বিশ্বাস’ নামের একটি ফেসবুক প্রোফাইল, যদিও নামধারী প্রোফাইল এবং আসল দোষী একই ব্যক্তি কিনা, তা যাচাই করতে সচেষ্ট গোয়েন্দা বিভাগ। আপাতত এই ঘটনা নিয়ে জগন্নাথ ভক্ত এবং প্রশাসনের মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে।
মন্দিরের আচার-অনুষ্ঠানের একাধিক ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার মধ্যে অন্যতম হলো মন্দিরের চূড়ায় ধ্বজা লাগানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তা ও নিষ্ঠার সঙ্গে প্রতিদিন পালিত হয়ে থাকে এবং এর জন্য পৃথক কর্মীও রয়েছেন। কঠিন এই পদ্ধতির কোনো রকম ছবি বা ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ। অথচ, সোশ্যাল মিডিয়ায় সেই ধ্বজা পরিবর্তনের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা নিয়েই বিতর্কের সূত্রপাত।
কীভাবে এই গোপনীয় ভিডিও ফাঁস হলো? তদন্তে নেমে পুলিশের নজরে এসেছে ‘সুরজিৎ বিশ্বাস’ নামের একটি ফেসবুক প্রোফাইল। সেখান থেকেই এসব ভিডিও আপলোড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, ধ্বজা লাগানোর ওই দৃশ্য ড্রোন ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে, যা মন্দিরের ‘নো-ফ্লাই জোন’ নীতি এবং সুরক্ষা ব্যবস্থার সম্পূর্ণ লঙ্ঘন।
মন্দিরের ভিতরে বা তার আশেপাশে ড্রোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি মন্দিরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সিনিয়র মন্দির সেবায়ত এবং ভক্তরা এই ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।
পুরীর পুলিশ ইতিমধ্যেই সিমহাদ্বার থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানিয়েছেন যে, কারা এই ফুটেজ ধারণ করেছে এবং কখন তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। কোনো সেবায়তের জড়িত থাকার অভিযোগ উঠলে, তাও খতিয়ে দেখা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন সম্প্রতি আশ্বাস দিয়েছেন যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে মন্দিরের আশেপাশে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি স্থাপন করা হবে।