তিলের খেত থেকে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন নলিকাটা দেহ! তবে কি ধর্ষণের পর প্রমাণ লোপাটে খুন?

সাতসকালে তিলের খেত থেকে এক তরুণীর অর্ধনগ্ন এবং নলিকাটা দেহ উদ্ধারের ঘটনায় প্রবল শোরগোল পড়ে গেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত তরুণীর পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে, ধর্ষণের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে।
মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রানিনগর পঞ্চায়েতের ভাটুপাড়ার বাসিন্দারা তিল খেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই তাদের চোখে পড়ে জমিতে কিছু একটা পড়ে আছে। সন্দেহ হওয়ায় কাছে যেতেই তারা এক ভয়ংকর দৃশ্যের সাক্ষী হন – এক তরুণীর অর্ধনগ্ন ও নলিকাটা দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দেহের পাশ থেকে একটি জুতোও উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, মৃত তরুণী এলাকার বাসিন্দা নন। পুলিশ সূত্রে খবর, মৃতার বয়স ১৮-১৯ বছর হতে পারে। মনে করা হচ্ছে, অন্য গ্রামের বাসিন্দা ওই তরুণীকে ধর্ষণের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুন করা হয় এবং তারপর তিল খেতে ফেলে দেওয়া হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, দ্রুত মামলা রুজু করে তদন্ত শুরু করা হবে। প্রথমে মৃতার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে, কারণ পরিচয় জানা গেলেই রহস্যভেদের পথ খানিকটা সহজ হবে বলে মনে করছেন তদন্তকারীরা। এই নৃশংস ঘটনায় রঘুনাথগঞ্জ এলাকায় এক চাপা উত্তেজনা এবং ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। পুলিশি তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধী চিহ্নিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, এমনটাই আশা করছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।