মধ্যবিত্তের মাথায় হাত! জলের দাপটে নষ্ট পেঁয়াজ, জানুন কত হলো দর?

চাষি আর ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ আগেই পড়েছিল বর্ষার মতিগতি নিয়ে। অনেকেই আন্দাজ করেছিলেন, এবার সময় এগিয়ে বর্ষা তার আগমন জানান দেবে। আর সেই আশঙ্কাই সত্যি হল। উত্তর, দক্ষিণ ও মধ্য ভারতে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আর এই অপ্রত্যাশিত দুর্যোগে মাথায় হাত পড়েছে কৃষকদের। অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠের ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে তাদের।

ফসল যদি নষ্ট হয়, তবে তার দাম যে আকাশ ছোঁবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এবারও সেই একই ছবি দেখা যেতে পারে। দেশের পেঁয়াজ ভাণ্ডার মহারাষ্ট্রের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। সেখানে কোটি কোটি টাকার পেঁয়াজ জলের দাপটে নষ্ট হয়ে গিয়েছে।

বর্তমানে বাজারে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও, আশঙ্কা করা হচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ পেরোতে না পেরোতেই সেই দাম বেড়ে দাঁড়াতে পারে ৫০ থেকে ৬০ টাকা প্রতি কেজি। আর মাসের শেষভাগে? প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা!

মহারাষ্ট্রের পেঁয়াজ উৎপাদনকারী একটি সংগঠন ইতিমধ্যেই প্রতি একর নষ্ট হওয়া ফসলের জন্য এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। জানা যাচ্ছে, যারা জমি থেকে পেঁয়াজ তুলতে পেরেছিলেন, তারাও ভারী বৃষ্টির হাত থেকে রেহাই পাননি। হাজার হাজার টন পেঁয়াজ মাঠেই পচে নষ্ট হয়ে গিয়েছে। কৃষকদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। বিপুল পরিমাণে পেঁয়াজ নষ্ট হওয়ায় আগামী দিনে পেঁয়াজের দাম যে বাড়বে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

অতীতেও এমন ঘটনা ঘটেছে। তাই বাফার স্টকের জন্য কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ লক্ষ টন পেঁয়াজ কেনার দাবি জানানো হয়েছে। বর্তমানে কৃষকরা প্রতি কুইন্টাল পেঁয়াজের জন্য ন্যূনতম ৩০০০ টাকা দাম চাইছেন। সব মিলিয়ে চিন্তার মেঘ মধ্যবিত্তের হেঁশেলে। পকেটের বোঝা কি আরও বাড়বে? সময়ের অপেক্ষা।