রাজ্যে ফের বাড়ছে সংক্রমণ! ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা, গোটা দেশে কত?

২০২০ সালের সেই দমবন্ধ করা দিনগুলো… আচমকা থমকে গিয়েছিল জীবনের চাকা। মাস্ক, কোয়ারেন্টাইন, আর এক অচেনা ‘বায়ো বাবল’ ঢুকে পড়েছিল রোজকার রুটিনে। সেই সময়ের স্মৃতি এখনও অনেকের মনে আবছা হলেও স্পষ্ট। আর তারই মাঝে, ফের উঁকি মারছে সেই ভাইরাস। পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতেই ফের ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা।

কতটা ভয় ধরাচ্ছে এই নতুন ঢেউ? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩৬০ জন সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭৫৮। উদ্বেগের বিষয়, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২।

বাংলাতেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৬শে মে পর্যন্ত যেখানে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১২, সেখানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১৯ জন! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪৪ জনের শরীরে মিলেছে এই ভাইরাস। ফলে, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১।

চিকিৎসকরা জানাচ্ছেন, আক্রান্তদের মধ্যে মূলত গলা ব্যথা, একটানা কাশি, বমি, বমি ভাব এবং কারও কারও ক্ষেত্রে কনজাংটিভাইটিসের মতো উপসর্গ দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে ওষুধ খেয়ে এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে রোগীরা সুস্থ হয়ে উঠছেন। কিন্তু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল অথবা অন্য কোনও শারীরিক জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই উপসর্গগুলি আরও গুরুতর হতে পারে।

মনে রাখা ভালো, ২০২০ সালের মার্চ মাস থেকে দীর্ঘ সময় ধরে করোনার ধাক্কায় বিপর্যস্ত ছিল মানুষের জীবন। সেই ধাক্কা সামলে ওঠার পরেই ফের এই ভাইরাসের আনাগোনা যেন এক নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। ফের কি সেই ঘরবন্দি দিনগুলোর দিকে এগোচ্ছে সময়? উত্তর দেবে সময়, তবে সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ।