IAS থেকে অফিসের পিয়ন, জেনেনিন পে লেভেল অনুসারে সরকারি কর্মীদের বেতন কত বাড়বে?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হতে পারে। এই খবরে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগীর মুখে হাসি ফুটতে চলেছে। মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে তাদের আয় বাড়াতে প্রতি ১০ বছর অন্তর ভারত সরকার একটি বেতন কমিশন গঠন করে। বর্তমানে কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন, যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর। এর পরেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। কিন্তু প্রশ্ন হলো, অষ্টম বেতন কমিশন এলে কর্মীদের বেতন ঠিক কতটা বাড়বে? চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

বেতনে কতটা বৃদ্ধি?

অষ্টম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পরিমাণ নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। ফিটমেন্ট ফ্যাক্টর হলো একটি গুণক, যা পুরনো বেসিক বেতনের সঙ্গে গুণ করে নতুন বেতন নির্ধারণ করা হয়।

যদি অষ্টম বেতন কমিশনে ন্যূনতম ১.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর গৃহীত হয়, তাহলে বর্তমানে যারা সর্বনিম্ন ১৮,০০০ টাকা বেতন পান, তাদের বেতন বেড়ে হবে ৩৪,৫৬০ টাকা। আর যদি সর্বোচ্চ ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে ১৮,০০০ টাকার ন্যূনতম বেতন সরাসরি ৫১,৪৮০ টাকায় বৃদ্ধি পাবে।

ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ প্রয়োগ করা হলে সম্ভাব্য বেতন বৃদ্ধির চিত্র:

পে লেভেল বর্তমান মূল বেতন সম্ভাব্য বেতন
লেভেল ১ (পিয়ন, পরিচারক) ১৮,০০০ টাকা ৫১,৪৮০ টাকা
লেভেল ২ (লোয়ার ডিভিশন ক্লার্ক) ১৯,৯০০ টাকা ৫৬,৯১৪ টাকা
লেভেল ৩ (কনস্টেবল, দক্ষ কর্মী) ২১,৭০০ টাকা ৬২,০৬২ টাকা
লেভেল ১৮ (সিনিয়র অফিসার) ২,৫০,০০০ টাকা ৭,১৫,০০০ টাকা

পেনশনেও আসছে বড় পরিবর্তন

শুধু বেতনভোগী কর্মীরাই নন, পেনশনভোগীরাও এই বেতন কমিশনের সুফল পাবেন। বর্তমানে যদি একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা হয়, তাহলে ১.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে তার পেনশন বেড়ে হবে ১৭,২৮০ টাকা। আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ হয়, তখন তা ২৫,৭৪০ টাকায় পৌঁছাবে।

মহার্ঘ্য ভাতা (DA) একীভূত হওয়ার সম্ভাবনা

বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ৫৩ শতাংশ মহার্ঘ্য ভাতা (DA) পাচ্ছেন। অনুমান করা হচ্ছে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যে এই মহার্ঘ্য ভাতা ৫৯ শতাংশে পৌঁছাতে পারে। অষ্টম বেতন কমিশনের অধীনে, এই মহার্ঘ্য ভাতা মূল বেতনের সঙ্গে একীভূত (Merge) করা হতে পারে, যার ফলে বেতন আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক নতুন আর্থিক দিগন্ত উন্মোচন করতে চলেছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।