SP-সাংসদকে বিয়ে করছেন রিঙ্কু সিং, জেনেনিন কবে KKR তারকার হবে আংটি বদল?

২২ গজের বাইরে এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের ক্রিকেটার রিঙ্কু সিং। তিনি গাঁটছড়া বাঁধছেন সমাজবাদী পার্টির কনিষ্ঠতম মহিলা সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে। আগামী ৮ জুন লখনউতে তাদের রিং সেরিমনি অনুষ্ঠিত হতে চলেছে। লখনউয়ের একটি হোটেলে পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এই আংটি বদল অনুষ্ঠান সম্পন্ন হবে।

চলতি বছরের জানুয়ারিতেই এই সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল এবং অবশেষে তা নিশ্চিত হলো। রিঙ্কু ও প্রিয়ার বাগদান সম্পন্ন হয়েছে বলে খবর।

কে এই প্রিয়া সরোজ?
রিঙ্কু সিংয়ের বাগদত্তা প্রিয়া সরোজ একজন তরুণ এবং উদীয়মান রাজনীতিবিদ। ২৬ বছর বয়সী প্রিয়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির (SP) টিকিটে মছলিশহর আসন থেকে জিতেছেন। তিনি বিজেপি-র বিপি সরোজকে ৩৫,৮৫০ ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবার সাংসদ হন। প্রিয়া সরোজের জন্ম ১৯৯৮ সালের ২৩ নভেম্বর বারাণসীতে।

শিক্ষাজীবনেও প্রিয়া বেশ উজ্জ্বল। তিনি নয়াদিল্লির এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজও একজন পরিচিত রাজনীতিবিদ, যিনি তিনবার লোকসভার সাংসদ হয়েছেন। তুফানি সরোজ বর্তমানে সমাজবাদী পার্টির টিকিটে কেরাকাট আসনের বিধায়ক।

প্রিয়া সরোজ ভারতের সবচেয়ে কম বয়সী মহিলা সাংসদ। যখন তিনি লোকসভায় নির্বাচিত হন, তখন তার বয়স ছিল মাত্র ২৫ বছর ৬ মাস ১২ দিন।

রিঙ্কুর সঙ্গে প্রথম দেখা, কেকেআর সমর্থকদের মিশ্র অনুভূতি
প্রিয়া সরোজ জানিয়েছেন, রিঙ্কু সিংয়ের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। প্রিয়ার এক বন্ধুর বাবা একজন ক্রিকেটার, যিনি রিঙ্কুকে চেনেন। সেই বন্ধুর বাবাই তাদের দু’জনের মধ্যে পরিচয় করিয়ে দেন।

অন্যদিকে, ভারতীয় দলে নিজেকে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন রিঙ্কু সিং। তবে এবারের আইপিএল-এ কেকেআর-এর হয়ে তিনি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স এবার প্লে অফেও পৌঁছাতে না পারায় কলকাতার সমর্থকরা কিছুটা হতাশ। এই আবহে তাদের প্রিয় ক্রিকেটার রিঙ্কুর নতুন জীবনে প্রবেশ করার ঘটনা কিছুটা হলেও নাইট সমর্থকদের মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে। রিঙ্কু ও প্রিয়ার এই নতুন পথচলা শুভ হোক, এই কামনা সকলের।