মোবাইল ঘাটতে ব্যস্ত, টেপ বদলাতে গিয়ে নবজাতকের আঙুল কেটে ফেলল নার্স! নামকরা হাসপাতালে ভয়ানক কান্ড

দেশের অন্যতম বৃহৎ এবং স্বনামধন্য প্রতিষ্ঠান, ভেলোর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নার্সের চরম গাফিলতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মোবাইল ফোনে ব্যস্ত থাকার সময় এক নবজাতকের গ্লুকোজের টেপ বদলাতে গিয়ে কাঁচি দিয়ে তার আঙুল কেটে ফেলেছেন এক সিনিয়র নার্স।
গত ২৪শে মে মুল্লিপালায়মের বাসিন্দা বিমলরাজ ও নিবেদিতার একটি পুত্রসন্তান জন্ম নেয়। শিশুটিকে গ্লুকোজ দেওয়া হচ্ছিল এবং গ্লুকোজ শেষ হয়ে যাওয়ায় নার্সকে তা বদলাতে বলা হয়। শিশুটির বাবার অভিযোগ, হেড নার্স শিশুটির হাত থেকে টেপ খোলার সময় মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। সেই সময়ই তিনি টেপ কাটার বদলে ভুলবশত শিশুটির আঙুল কেটে ফেলেন।
শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে তার মা-বাবা আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ, দ্রুত নার্স তাদের ওয়ার্ড থেকে বের করে দেন এবং প্রায় দেড় ঘণ্টা তাদের নবজাতক শিশুটিকে দেখতেও দেননি। শিশুটির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, “টেপ কাটার জন্য কাঁচির দরকারও ছিল না। হাত দিয়েই তা করা যেত। শুধুমাত্র নার্সের অসাবধানতার কারণে আমার সন্তানের আঙুল বাদ গিয়েছে।”
শিশুটির অভিভাবক অভিযোগ জানানোর পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে জরুরি অস্ত্রোপচারের জন্য চেন্নাইয়ের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ডিউটি চলাকালীন নার্সের মোবাইল ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।