জুন মাসের প্রারম্ভেই খুশির হাওয়া! দাম কমল LPG সিলিন্ডারের, কলকাতায় কত হল নতুন প্রাইস?

জুন মাসের প্রথম দিনেই মূল্যবৃদ্ধির খাঁড়া থেকে সামান্য হলেও মুক্তি পেলেন ব্যবসায়ীরা। পয়লা জুন থেকে দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম। এর আগে মে মাসেও এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল, সেই ধারা বজায় থাকল জুন মাসের শুরুতেও।

তবে এই দাম কমেছে মূলত বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে। রবিবার থেকে এই সিলিন্ডারের দাম ২৪ টাকা কমেছে। কলকাতাবাসীর জন্য সুখবর আরও একটু বেশি, এখানে দাম কমেছে প্রায় সাড়ে ২৫ টাকা। পরপর দু’মাস দাম কমার পর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮২৬ টাকা। এই নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে।

তেল বিপণন সংস্থাগুলি এই দাম সংশোধন করেছে। তবে গৃহস্থের হেঁশেলে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, দাম কমলেও সরাসরি এর সুবিধা এখনই পাচ্ছেন না সাধারণ মানুষ। কারণ ১৯ কেজির সিলিন্ডার মূলত হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান অথবা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়।

সুতরাং, মাসের শুরুতে এই দাম কমায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ব্যবসায়ীরা। যদিও হেঁশেলের খরচ নিয়ে মধ্যবিত্তের দুশ্চিন্তা আপাতত একই রয়ে গেল।