কলকাতা পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! রেলমন্ত্রীকে চিঠিতে কী লিখেছেন শুভেন্দু?

শুক্রবার, এসএসসি চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে শিয়ালদহ স্টেশন চত্বরে যে রণক্ষেত্র তৈরি হয়েছিল, সেই ঘটনা এবার গড়াল রেলমন্ত্রীর দরবারে। কলকাতা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠির প্রতিলিপি নিজের ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে, ‘পুলিশি আগ্রাসনের’ বিরুদ্ধে সরব হলেন তিনি।

শুভেন্দুর অভিযোগের সারমর্ম:
বেআইনি প্রবেশ: ৩০ মে, কলকাতা পুলিশ বেআইনিভাবে শিয়ালদহ স্টেশনে ঢুকে সাধারণ যাত্রীদের হয়রানি করে।
পরিচয়পত্র তল্লাশি: যাত্রীদের জোর করে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়।
নির্যাতন ও আটক: নিরীহ যাত্রীদের মারধর করা হয় এবং শুধুমাত্র ট্রেন ধরার জন্য স্টেশনে উপস্থিত শিক্ষকদেরও জোর করে আটক করা হয়।
বলপ্রয়োগ: শান্তিপূর্ণ প্রতিবাদে আসা শিক্ষকদের অপরাধীদের মতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়।
আইন লঙ্ঘন: রেল চত্বরে কলকাতা পুলিশের এমন প্রবেশ এবং আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে আইনের পরিপন্থী।
পূর্বের ঘটনা: ২০২২ সালে বিজেপির নবান্ন অভিযান ও টেট প্রার্থীদের প্রতিবাদেও একই ঘটনা ঘটেছিল।
শুভেন্দু অধিকারী চিঠিতে উল্লেখ করেছেন, ঘটনার দিনই তিনি শিয়ালদহ ডিভিশনের ডিআরএমের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু ডিআরএমের বক্তব্যে তিনি সন্তুষ্ট নন। তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রেলমন্ত্রীর কাছে শুভেন্দুর দাবি:
কলকাতা পুলিশের বেআইনিভাবে রেল স্টেশনে প্রবেশের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
নির্দিষ্ট অনুমোদন ব্যতীত কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যাতে কোনো রেল স্টেশনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
এসএসসি চাকরি বাতিল কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। চাকরিহারাদের প্রতিবাদ-আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। শুক্রবারের ঘটনার পর শুভেন্দুর এই চিঠি, রাজ্য-কেন্দ্র সংঘাতকে আরও উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।