“আমাকে একা পেয়ে…?”-বলিউড পরিচালককে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

সদ্য ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পেয়েছে অভিনেত্রী সুরভিন চাওলা অভিনীত কোর্টরুম ড্রামা ‘ক্রিমিনাল জাস্টিস ফোর’। এই ওয়েব সিরিজের প্রচারের সময় এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের কিছু চাঞ্চল্যকর এবং তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তাঁর শৈশবের শ্লীলতাহানির ঘটনা থেকে শুরু করে বলিউডে এসে কাস্টিং কাউচের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি, যা ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
সুরভিন চাওলা জানান, নবম শ্রেণিতে পড়াকালীন সময়েই তিনি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বাড়ির বাইরে খেলছিলাম, তখন এক ব্যক্তি সাইকেলে করে এসে আমাকে ডাকেন। আমি এগিয়ে যেতেই দেখি, তিনি তার প্যান্ট থেকে কিছু একটা বের করে সাইকেলে বসেই অশালীন কাজ করতে থাকেন। আমি ভয় পেয়ে সোজা দৌড়ে বাড়ি ফিরে আসি।” সুরভিন এও বলেন যে, সে সময় তিনি ঠিক বুঝতে না পারলেও, এ ধরনের অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল।
শৈশবের ভয়ঙ্কর অভিজ্ঞতাই শুধু নয়, বলিউডে পা রাখার পর কাস্টিং কাউচের শিকার হওয়ার কথাও অকপটে জানিয়েছেন সুরভিন। তিনি বলেন, মুম্বাইয়ে এক পরিচালকের সঙ্গে বৈঠকে গিয়ে যৌন হেনস্তার মুখে পড়েন। অভিনেত্রীর কথায়, “সেই পরিচালক আমার সঙ্গে অপেশাদারভাবে কথা বলছিলেন। এমনকি আমি বিবাহিত বলেও জানাই। মিটিং শেষ হওয়ার পর কেবিনের গেট পর্যন্ত এগিয়ে দেওয়ার সময় আমাকে একা পাওয়ার সুযোগে চুমু খাওয়ার চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিয়ে বেরিয়ে আসি।”
এই অভিজ্ঞতার প্রসঙ্গে সুরভিন চাঁছাছোলা ভাষায় বলেন, “অনেকে ভাবে কাজ পাওয়ার জন্য মেয়েরা সব কিছু মেনে নেয়। এটা পুরোপুরি ভুল ধারণা। এখন সময় এসেছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে মুখ খোলার।”
সুরভিন চাওলা আরও বলেন, “মেয়েদের সাহস করে এগিয়ে আসতে হবে, এবং অপরাধী যত বড়ই নামধারী হোক না কেন, তার মুখোশ খুলে দেওয়া।” সুরভিনের এই সাহসী পদক্ষেপ বলিউডে কাস্টিং কাউচ এবং যৌন হেনস্তার বিরুদ্ধে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। তাঁর এই অভিজ্ঞতা অনেক নির্যাতিতাকে মুখ খুলতে সাহস যোগাবে বলেও আশা করা হচ্ছে।