অনুব্রত মণ্ডল এলেন না নিজে! আইসির ডাকে সারা না দিয়ে থানায় চার আইনজীবী

আইসিকে হুমকি দেওয়ার অভিযোগে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে থানায় তলব করা হলেও, শনিবার তিনি গরহাজির। তবে একেবারে ফাঁকা থাকেনি বোলপুর থানা। ‘কেষ্ট’ নিজে না এলেও, তাঁর হয়ে হাজিরা দিলেন চার জন আইনজীবী!
আইনজীবীদের মধ্যে বিপদতারণ ভট্টাচার্য, সন্দীপ সরকার-সহ আরও দু’জন ছিলেন। তাঁরা এদিন বোলপুরের এসডিপিও অফিসে যান। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল তাঁর আইনজীবীদের মাধ্যমে জানিয়েছেন, তিনি অসুস্থ।
তাই শনিবার হাজিরা দেওয়া সম্ভব না হলেও, আগামী সোমবার তিনি থানায় আসবেন বলে খবর। তবে সূত্রের আরও একটি সম্ভাবনার কথা জানাচ্ছে। সোমবার অনুব্রত মণ্ডল জামিনের আবেদন করতে পারেন, এবং সেই জামিন মঞ্জুর হলেই তিনি হাজিরা দেবেন, এমনটাই অনুব্রত ঘনিষ্ঠ সূত্রে খবর।
প্রসঙ্গত, আইসিকে হুমকি দেওয়ার ঘটনায় দল আগেই অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল। সেই মতো চিঠি লিখে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলেছিল। নিজে না এসে আইনজীবী পাঠিয়ে অনুব্রত যেন আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিলেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, ‘কেষ্ট’ সোমবার সত্যি সত্যিই হাজিরা দেন কিনা, নাকি আইনজীবীরাই তাঁর হয়ে আইনি পথে পরিস্থিতি সামাল দেন।