“পাকিস্তান কখনই ভারতের আধিপত্য মেনে নেবে না”-‘ফাঁকা’ আওয়াজ পাক সেনাপ্রধান মুনিরের

দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারতের কোনো ধরনের ‘আধিপত্য’ মেনে নেবে না পাকিস্তান। একই সঙ্গে, সিন্ধু জলচুক্তি নিয়ে ইসলামাবাদ কোনো আপস করবে না, কারণ এটি পাকিস্তানের ২৪ কোটি নাগরিকের মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি জড়িত – এই কড়া বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, সিনিয়র শিক্ষক এবং শিক্ষাবিদদের সাথে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত বেশ কয়েকটি কড়া পদক্ষেপ গ্রহণ করে, যার মধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ছিল অন্যতম। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) অনুসারে, এই বিষয়ে আসিম মুনির বৃহস্পতিবার দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, “পাকিস্তান কখনও ভারতীয় আধিপত্য মেনে নেবে না।” তিনি এটিকে পাকিস্তানের জন্য ‘রেড লাইন’ বলেও অভিহিত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, জল সম্পর্কিত বিষয়ে ইসলামাবাদ কখনই নতি স্বীকার করবে না। মুনির বলেন, “জল পাকিস্তানের রেড লাইন এবং আমরা ২৪ কোটি পাকিস্তানির এই মৌলিক অধিকারের সঙ্গে কোনও আপোস করতে দেব না।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) ১৯৬০ সালে স্বাক্ষরিত হওয়ার পর প্রথমবারের মতো সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান ‘ভুক্তভোগী কার্ড’ খেলবে জেনেও ভারত ‘অপারেশন সিঁদুরের’ (৭ মে, ২০২৫ তারিখে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সামরিক অভিযান) পর চুক্তি স্থগিতের বিষয়ে দেশের অবস্থান জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাতটি দল পাঠিয়েছে। বিভিন্ন দলের সাংসদদের নিয়ে গঠিত এই দলগুলি ভারতের অবস্থানকে আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরছে। এই পদক্ষেপগুলি ভারতের কঠোর সন্ত্রাস-বিরোধী অবস্থান এবং তার জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়তার ইঙ্গিত বহন করে।

আসিম মুনির বালোচিস্তানের বিদ্রোহের জন্য সরাসরি ভারতকে দায়ী করেছেন। মুনির দাবি করেন যে, বালুচিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী উপাদানগুলি বিদেশি স্বার্থের পক্ষে, বিশেষ করে ভারতের পক্ষে কাজ করে এমন ‘প্রক্সি’। তিনি আরও যোগ করেন, “এই বিদ্রোহীরা বালোচ নয়।” এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, বালোচিস্তানের অস্থিরতা ভারতের মদদপুষ্ট।

এছাড়াও, মুনিরের এক বিস্ফোরক দাবি হলো, ভারতের সঙ্গে সামরিক সংঘাতের সময় পাকিস্তান আল্লাহ-র কাছ থেকে সাহায্য পেয়ে ধন্য হয়েছিল। এই মন্তব্য ধর্মীয় অনুভূতির উপর নির্ভর করে সামরিক শক্তির ধারণা তুলে ধরে।

পাক সেনাপ্রধানের এই মন্তব্যগুলো ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান সংবেদনশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, সিন্ধু জলচুক্তি এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে তার কঠোর অবস্থান, আগামী দিনে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।