OMG! ১০০০ ফুট নিচে পরে তিস্তায় ভাসলো পর্যটকবাহী গাড়ি, জোরকদমে চলছে উদ্ধার কাজ

নৈসর্গিক সিকিমের পার্বত্য পথে ফের মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরাঞ্চলীয় জেলা মাঙ্গানের চুংথাং ও মুনসিতাংয়ের মাঝামাঝি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ১ হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গেছে পর্যটকবাহী একটি গাড়ি। চালকসহ মোট ১১ জন যাত্রী ছিলেন ওই গাড়িতে। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে মৃত এবং ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৮ জন এখনও নিখোঁজ রয়েছেন।
মাঙ্গান জেলার পুলিশ সুপার সোনম ডেচু ভুটিয়া সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি গুরুদংমার লেক থেকে ফিরছিল বলে জানা গেছে। উদ্ধারকৃত মৃত ব্যক্তি গাড়ির চালক ছিলেন। আহত দু’জনকে দ্রুত চুংথাং-এর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত একটি বিশাল উদ্ধারকারী দল। তবে, সোনাম ডেচু ভুটিয়া উল্লেখ করেছেন যে, প্রবল বর্ষণ এবং তিস্তা নদীর প্রমত্ত ভাবের কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। পাহাড়ি রাস্তায় ধস ও পিচ্ছিল পরিস্থিতিও উদ্ধারকারীদের কাজ কঠিন করে তুলেছে।
প্রাথমিক অনুমান, গত কয়েকদিন ধরে সিকিমে অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। প্রবল বর্ষণে চালকের দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং রাস্তায় চাকা পিছলে যাওয়াও দুর্ঘটনার কারণ হতে পারে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে পশ্চিমবঙ্গ ও ওড়িশার পর্যটকরা ছিলেন, যারা উত্তর সিকিমের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে ফিরছিলেন। এই ঘটনা সিকিমের পর্যটন এবং পাহাড়ি অঞ্চলের সড়ক নিরাপত্তার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে। নিখোঁজ ৮ জনের সন্ধানে তল্লাশি অভিযান এখনও চলছে।