শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন তিন বিচারপতি, শপথ পাঠ করালেন বিচারপতি গাভাই

শুক্রবার সুপ্রিম কোর্টে তিনজন নতুন বিচারপতি শপথ গ্রহণ করলেন। বিচারপতি এন ভি আঞ্জারিয়া (প্রাক্তন প্রধান বিচারপতি, কর্ণাটক হাইকোর্ট), বিচারপতি বিজয় বিষ্ণোই (প্রাক্তন প্রধান বিচারপতি, গুয়াহাটি হাইকোর্ট) এবং বিচারপতি এ এস চান্দুরকর (বিচারপতি, বম্বে হাইকোর্ট) এদিন দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন। তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি বি. আর. গাভাই।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল এই তিন বিচারপতির নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এবং ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পরেই এই নিয়োগগুলি সম্পন্ন করেছেন।

কর্ণাটক, গুয়াহাটি এবং বম্বে হাইকোর্টের এই তিন প্রবীণ বিচারপতি সুপ্রিম কোর্টে যোগ দেওয়ায় বিচার প্রক্রিয়ায় আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে। প্রধান বিচারপতি গাভাই তাঁদের স্বাগত জানান এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্তব্য করেন।