নন্দকুমারের পর মহিষাদল, রেশনে ফের বড়সড় দুর্নীতি! পুলিশের হানা, গ্রেফতার ১

নন্দকুমারের পর এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে প্রকাশ্যে এল রেশন দুর্নীতির আরও এক বড় চক্র। অভিযোগ, এখানে সরকারি রেশনের আটার মোড়ক পাল্টে খোলা বাজারে বিক্রির কারবার চলছিল রমরমিয়ে। গোপন সূত্রে খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ এক অবৈধ রেশন কারবারির গোডাউনে হানা দিয়ে তিন ট্রাক বোঝাই সরকারি আটা বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে খবর, মাশুড়িয়ার একটি অবৈধ গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২২০০ বস্তা, অর্থাৎ ৪০ টন রেশনের আটা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, গরীবদের জন্য বরাদ্দ সরকারি টন টন আটা অবৈধভাবে মজুত করা হচ্ছিল এবং সেগুলির মোড়ক পরিবর্তন করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল। খাদ্য দফতর, ডিএবি এবং স্থানীয় মহিষাদল থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ আটা উদ্ধার করে। সমস্ত আটাই বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খাদ্য দফতর ও পুলিশ প্রশাসন এলাকায় অভিযান চালায়। অভিযুক্তদের মধ্যে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং অবৈধ রেশন কারবারের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষ সরকারের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।