বাঘের সঙ্গে ‘কুকুরের মতো’ হাঁটছিলেন ভারতীয় পর্যটক, সেলফি তুলতে গিয়ে যা হলো? রইল ভিডিও

বাঘের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা দেখাতে গেলে কী পরিণতি হতে পারে, তার এক হাড়হিম করা দৃষ্টান্ত দেখা গেল থাইল্যান্ডে। এক ভারতীয় পর্যটক সেখানে গিয়ে একটি বাঘের সঙ্গে এমনভাবে ঘুরছিলেন যেন সেটি তার পোষা কুকুর। কিন্তু আদতে সেটি একটি পূর্ণবয়স্ক বাঘ, এই ভুল করার মাশুল তাঁকে বেশ ভালোমতোই গুণতে হল।

ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখলে শিউরে উঠবেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পর্যটকটি প্রথমে শান্তভাবে বাঘের পাশে হাঁটছিলেন। বাঘের গলায় একটি শিকলও দেখা যাচ্ছিল। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। হঠাৎ ওই ব্যক্তি বাঘের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। বাঘটি এতে রাজি না হওয়ায় সম্ভবত তাকে সামান্য আঘাতও করা হয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বাঘটি এবং ঝাঁপিয়ে পড়ে ওই পর্যটকের উপর।

টুইটারে @sidhshuk নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে, যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, “আপাতদৃষ্টিতে থাইল্যান্ডে এক ভারতীয় ব্যক্তি বাঘের দ্বারা আক্রান্ত। এটি সেইসব জায়গাগুলোর মধ্যে একটি যেখানে বাঘকে পোষা প্রাণীর মতো রাখা হয় এবং লোকেরা সেলফি তোলে, খাওয়ায় ইত্যাদি।”

যদিও ভাগ্যক্রমে বাঘটি অপেক্ষাকৃত ছোট থাকায় পর্যটকের তেমন গুরুতর ক্ষতি হয়নি। তবে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বন্যপ্রাণীদের কাছে যাওয়ার আগে নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলা উচিত, যা সম্ভবত এই ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।

অনেকেই এই ঘটনার প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “পশুদের দূর থেকে দেখা এবং কাছে গিয়ে দেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাদের কাছ থেকে কোনও ভালো ব্যবহার আশা না করাই ভালো।” অন্য একজন লিখেছেন, “এই ধরণের ঘটনা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। সেলফি তোলার এমন নেশায় না মজাই ভাল।”

এই ঘটনা আবারও প্রমাণ করল, বন্যপ্রাণীরা যতই পোষ মানানো হোক না কেন, তাদের সহজাত প্রবৃত্তি বিপজ্জনক হতে পারে। তাই তাদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা উচিত।