আম্বানিদের ক্যাফেতে শাহরুখ পুত্র আব্রামের জন্মদিন উদযাপন, দেখা মিলল না বাবা ও দাদার

বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং গৌরী খানের ছোট ছেলে আব্রাম খান গত ২৭ মে তার ১২তম জন্মদিন উদযাপন করলো। তবে এবারের জন্মদিনের অনুষ্ঠানে দেখা গেল না বাবা শাহরুখ খান এবং দাদা আরিয়ান খানকে, যা নেটপাড়ায় কৌতূহল তৈরি করেছে। বিশাল জাঁকজমকপূর্ণ আয়োজন না করে, আব্রামের জন্মদিন পালিত হলো পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে এক অন্তরঙ্গ পার্টির মাধ্যমে।

মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (NMACC) আর্টস ক্যাফেতে আয়োজন করা হয়েছিল আব্রামের ১২তম জন্মদিনের অনুষ্ঠান। NMACC তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অনুষ্ঠানের ঝলক তুলে ধরেছে। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে, দিদি সুহানা খানের হাত ধরে ক্যাফেতে প্রবেশ করছে আব্রাম। বিলাসবহুল ক্যাফের কিচেনে শাহরুখের কনিষ্ঠ পুত্রের জন্মদিনের বিশেষ খাবারের মেনুর প্রস্তুতি চলছিল। আব্রামের পছন্দের বিশেষ চকোলেট কেকেরও আয়োজন করা হয়েছিল।

পার্টিতে উপস্থিত ছিলেন মা গৌরী খান, দিদি সুহানা খান, দিদা এবং পরিবারের আরও কিছু নিকট আত্মীয়। শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিও তার মেয়েকে নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্যের জন্মদিনে বাবা শাহরুখ এবং দাদা আরিয়ানের অনুপস্থিতি নেটবাসীর মনে প্রশ্ন জাগিয়েছে। যদিও তাদের অনুপস্থিতির কারণ স্পষ্ট করে কিছু জানা যায়নি।

অন্যদিকে, শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান খুব দ্রুত বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। অভিনয়ের বদলে তিনি পরিচালনাকে বেছে নিয়েছেন। আরিয়ান পরিচালিত ‘Ba***ds of Bollywood’ ছবির শুটিং আগেই সম্পন্ন হয়েছে, এখন শুধু মুক্তির অপেক্ষা। মজার বিষয় হলো, ছেলের এই পরিচালনায় কাজ করেছেন বাবা শাহরুখ খান।

একইভাবে, মেয়ে সুহানা খানও বাবার সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন। সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ (King) ছবিতে বাবা-মেয়ে জুটি একসঙ্গে পর্দায় হাজির হবেন। এই সকল ব্যস্ততার কারণেই হয়তো শাহরুখ ও আরিয়ান আব্রামের জন্মদিনে উপস্থিত থাকতে পারেননি, এমনটাই ধারণা করছেন অনেকে।