বাঁশ বাগান থেকে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ ও খুনের অভিযোগে যুবক গ্রেফতার

টানা দু’দিন নিখোঁজ থাকার পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে চন্দননগরের ন’পাড়ার বাঁশবাগান থেকে এক তেরো বছরের বিশেষভাবে সক্ষম নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় অসীম মজুমদার নামে এক ব্যক্তিকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকাল চারটে নাগাদ কানাইপুর কলোনীর বাসিন্দা ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী যুবক অসীম মজুমদার। এরপর থেকে ওই যুবক ও নাবালিকা দুজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্নিফার ডগ ও ডুবুরি নামিয়ে পুকুরে তল্লাশি চালালেও কোনো হদিশ মেলেনি। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল।
বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি ন’পাড়ার রবীন্দ্রনগরের কাছে একটি বাঁশবাগানে মেয়ের দেহ দেখতে পান। নির্জন এলাকা হওয়ায় সাধারণত কেউ এদিকে যায় না। তার গায়ে কোনো কাপড় ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়।
নাবালিকার দেহ উদ্ধারের পর পুলিশ পরিবারকে শনাক্ত করতে না দেওয়ায় দীর্ঘক্ষণ কানাইপুর ফাঁড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি আলি রাজা-সহ উচ্চপদস্থ আধিকারিকরা সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পুলিশ নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত হিসাবে অসীম মজুমদারকে ডানকুনি খরিয়াল থেকে গ্রেফতার করেছে। তাকে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তে এই ঘটনার পেছনের আসল কারণ এবং জড়িত সকলের পরিচয় উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।