BigNews: সিকিমে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে পড়ল পর্যটক বোঝাই গাড়ি, নিখোঁজ ৯ জন

উত্তর সিকিমে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৯ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে পর্যটক বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০০ ফুট গভীর খাদে তিস্তা নদীতে পড়ে যায়। এই ঘটনায় দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাঁদের গ্যাংটকের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। সেনা, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP), সিকিম পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মঙ্গনের পুলিশ সুপার সোনম দেটচু জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক সহ মোট ১১ জন আরোহী ছিলেন। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধারকাজ চলছে। চুংথাংয়ের SDPO-এর নেতৃত্বে সিকিম পুলিশ, সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, রাজ্য পুলিশ এবং জেলা আধিকারিকরা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় অথবা গাড়ির চাকা পিছলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

সূত্রের খবর অনুযায়ী, নিখোঁজ পর্যটকদের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বাসিন্দা রয়েছেন। জানা গেছে, এই দুটি রাজ্যের দুটি পৃথক পর্যটক দল একটি গাড়ি ভাড়া করে একসঙ্গে ভ্রমণ করছিলেন।

উত্তর সিকিমে গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং একটানা বৃষ্টিপাতের কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। লাচুং যাওয়ার মূল রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ থাকায় পর্যটকদের গাড়িগুলোকে মংগন থেকে লাচুং যাওয়ার জন্য চুংথাং-মুন্সিথাং আপ রোড এবং ফিডাং রোড ব্যবহার করতে হচ্ছে। এই দুর্ঘটনাটি সেই বিকল্প রাস্তাতেই ঘটেছে, যা পর্যটকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। উত্তর সিকিমের একাধিক রাস্তা ধসপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। তাই বর্ষার সময় গাড়িচালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।