মণিপুরে কি নতুন করে BJP সরকার গঠন হতে চলেছে? শাহের পদক্ষেপে জল্পনা

মণিপুরে নতুন করে সরকার গঠনের সম্ভাবনা জোরালো হচ্ছে, এমনই ইঙ্গিত দিচ্ছেন সে রাজ্যের বিজেপি বিধায়করা। শোনা যাচ্ছে, ৪৪ জন বিধায়ক একত্রিত হয়ে নতুন সরকার গঠনের দাবি জানাচ্ছেন। এই জল্পনার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের ‘এক্স’ হ্যান্ডেল থেকে রাষ্ট্রপতির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি ছবি পোস্ট করা হয়। এই ছবি প্রকাশ হতেই মণিপুরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। রাজনৈতিক মহলের মতে, বুধবারই মণিপুরের আট বিজেপি বিধায়কসহ মোট দশজন বিধায়ক রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেছেন। তাদের দাবি, সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক বিধায়কের সমর্থন তাদের কাছে রয়েছে। এর পরপরই রাষ্ট্রপতির সঙ্গে শাহের সাক্ষাৎ মণিপুরে ক্ষমতা বদলের চর্চাকে আরও উস্কে দিয়েছে।
উল্লেখ্য, মণিপুরে লাগাতার জাতিগত হিংসার প্রেক্ষিতে গত ফেব্রুয়ারি মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং পদত্যাগ করার পর থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। ২০২৩ সালের ৩ মে মেতেই-কুকি সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই উত্তর-পূর্বের এই রাজ্যটি উত্তপ্ত। ২০২৪ সালের শেষ দিনে রক্তক্ষয়ী হিংসার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চেয়ে বীরেন সিং ইস্তফা দিয়েছিলেন।
এই পরিস্থিতিতে ৪৪ জন বিধায়কের সরকার গঠনের দাবি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ মণিপুরে একটি নির্বাচিত সরকার পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে। তবে, কে এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন এবং অস্থির পরিস্থিতি মোকাবিলায় নতুন সরকার কী পদক্ষেপ নেবে, তা নিয়ে এখনও স্পষ্ট চিত্র নেই।