আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর কপ্টার, শুরু কর্মসূচি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অবতরণ করে। প্রধানমন্ত্রীর কপ্টার-সহ মোট তিনটি হেলিকপ্টার নামে সেখানে। অবতরণের পর প্রধানমন্ত্রী বর্তমানে সার্কিট হাউসে বিশ্রাম নিচ্ছেন। দুপুর ২টো নাগাদ তিনি সরকারি অনুষ্ঠান ও জনসভায় যোগ দেবেন।
এর আগে, খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সিকিম সফর বাতিল হয়। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ বাগডোগরায় অবতরণ করে তাঁর বিমান। সিকিমের ভারত অন্তর্ভুক্তির ৫০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তা বাতিল হয়। বাগডোগরা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি তিনি সেই অনুষ্ঠানে যোগ দেন এবং সিকিমের উন্নয়নে পাশে থাকার বার্তা দেন। অনুষ্ঠান শেষ হলে তাঁর হেলিকপ্টার আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেয়।
বাগডোগরায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্য সরকারের প্রতিনিধি শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলাশাসক প্রীতি গোয়েল, বিধায়ক আনন্দ বর্মন, দুর্গা মুর্মু প্রমুখ। সিকিমে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তিও উন্মোচন করার কথা ছিল। সেই অনুযায়ী সব ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাগডোগরা থেকেই সিকিমের অনুষ্ঠানগুলিতে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন মোদী।
বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে প্রশাসনিক মঞ্চ থেকে সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তথ্য অনুযায়ী, ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের মাধ্যমে দুই জেলায় আড়াই লক্ষ পরিবারকে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। প্রকল্পের মোট খরচ ১,০১০ কোটি টাকা। এছাড়াও, ওই প্রকল্পের অধীনে শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। দুই জেলায় ১৯টি সিএনজি স্টেশনও তৈরি করার কথা আছে, যাতে সিএনজি চালিত যানবাহনে জ্বালানি ভরার সমস্যা কমে।