মিস ওয়ার্ল্ডের মঞ্চে ‘নাটু নাটু’ ঝড়! অনাথ শিশুদের সঙ্গে কোমর দোলালেন প্রতিযোগীরা

ফাইনালের আর মাত্র কয়েক দিন বাকি। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০৮ জন প্রতিযোগী হায়দরাবাদের সৌন্দর্য উপভোগ করছেন এবং তেলেঙ্গানা সরকারের উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ। আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। তার আগে বুধবার এক মনোমুগ্ধকর সন্ধ্যায় প্রতিযোগীরা ‘আর আর আর’ সিনেমার অস্কারজয়ী গান ‘নাটু নাটু’-র তালে মেতে উঠলেন।
এই বিশেষ সন্ধ্যায় হায়দরাবাদের বিলাসবহুল ট্রিডেন্ট হোটেলে এক গ্ল্যামারাস অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দু’শো জন অনাথ শিশুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ফরচুন হসপিটাল ও সুদীক্ষা এস্টেট-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের চোখেমুখে বিস্ময় ছিল দেখার মতো। অনুষ্ঠানে শিশুদের শিক্ষার উন্নতির জন্য প্রত্যেককে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
শুধু তাই নয়, এই দু’শো জন শিশুকে আগামী এক বছরের জন্য পুষ্টিকর খাবার, পোশাক, খেলনা এবং একটি করে ডিজিটাল ওয়াচ দেওয়া হবে। তাদের সাধারণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসও প্রদান করা হবে।
মিস ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপার্সন এবং সিইও জুলিয়া মর্লি শিশুদের সঙ্গে এক আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন। তিনি বলেন, “তুমি জীবনে কীভাবে শুরু করছ, তা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে ধনী হও বা সবচেয়ে গরিব, যদি শেখার মনোবল এবং পড়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি যা হতে চাও তাই হতে পারবে।” মর্লি শিশুদের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, “একদিন, তোমরাও এই সুন্দরী প্রতিযোগিতার অংশ হতে পারবে।”
২০২৪ সালের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পিসকোভা, যিনি এক ছোট্ট শহর থেকে এই মঞ্চে উঠে এসেছেন, তিনি বলেন, “আমরা সকলকে সাহায্য করতে পারি না, তবে কাউকে তো পারি। বড় স্বপ্ন দেখো, এমনকি যদি তা বোকা মনে হয়। নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখাই আসল কথা। তুমি যেখান থেকেই আসো না কেন, তুমি কোন ভাগ্য তৈরি করছ সেটাই মুখ্য।”
মিস ইন্ডিয়া ২০২৩ নন্দিনী গুপ্তা শিশুদের উদ্দেশ্যে বলেন, “তোমরা অনাথ নও, আমরা তোমাদের পরিবার। মিস ওয়ার্ল্ড তোমাদের পরিবার।” এই সন্ধ্যায় তারকা ও শিশুদের মেলবন্ধন এক অন্যরকম উষ্ণতা সৃষ্টি করে। এখন সকলের নজর ৩১ তারিখের ফাইনালের দিকে।