বৃহস্পতিবারই বড় পদক্ষেপ! কী জানাচ্ছে এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)?

আদালতের সুস্পষ্ট নির্দেশ মেনে ৩১ মে-র মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশের পথে রাজ্য। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিলেন। এবার এই বিষয়ে বিস্তারিত তথ্য দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
কমিশন জানিয়েছে, পরীক্ষার বিজ্ঞপ্তির আগেই নতুন পরীক্ষা বিধি প্রকাশ করা হবে। সেটি মুখ্য সচিবের অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। অনুমোদন পাওয়া গেলে আজ ২৯ মে বিকেলের মধ্যেই তা প্রকাশ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, আগামী ৩০ মে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দেওয়া হবে।
শিক্ষা দফতর সূত্রে খবর, শুক্রবারের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেদিনই সুপ্রিম কোর্টে হলফনামা (অ্যাফিডেভিট) দাখিল করে এসএসসি জানাবে যে তারা আদালতের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করেছে। সূত্রের খবর, যেহেতু রুল জারি না হলে বিজ্ঞপ্তি জারি করা যাবে না, তাই আগামীকালের মধ্যেই রুল বা বিধি জারি হয়ে যাবে।
উল্লেখ্য, নতুন করে পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৫ জুন থেকে। আবেদন করা যাবে ১৪ জুলাই পর্যন্ত। আগামী ১৫ নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে এবং ২০ নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং। যে কোনও যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়ার সর্বস্তরে স্বচ্ছতা বজায় রাখা হবে বলে জানিয়েছে কমিশন। ওএমআর-এর সঙ্গে পরীক্ষার্থীদের কার্বন কপি দেওয়া হবে, যা তাঁরা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। ফল প্রকাশের আগেই উত্তরপত্র প্রকাশ করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও আরও ছয় মাস তা বাড়ানো হবে।
যারা চাকরি হারিয়েছেন, তাদের অভিজ্ঞতার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হবে। থাকবে অতিরিক্ত নম্বর। বয়সের ক্ষেত্রেও ছাড় মিলবে। ওএমআর-এর মিরর ইমেজ ও ডিজিটাল সংরক্ষণের মেয়াদ বাড়ানো হবে। মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের ‘আপনারা পরীক্ষায় বসুন’ বলে বার্তা দিয়েছেন। তবে এই ঘোষণায় এখনও পুরোপুরি সন্তুষ্ট নন চাকরিহারারা।