দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রধানমন্ত্রীর সিকিম যাত্রা ভেস্তে! বাগডোগরা থেকেই সারলেন ভার্চুয়াল কর্মসূচি

প্রকৃতির খামখেয়ালিপনায় শেষ মুহূর্তে ভেস্তে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিকিম সফর। বৃহস্পতিবার সকালে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করলেও, ঘন মেঘ আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে সিকিম যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন তিনি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রধানমন্ত্রী সফর বাতিলের সিদ্ধান্ত নেন। তবে সিকিমের সরকারি কাজকর্ম আটকে থাকেনি। বাগডোগরা থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত অনুষ্ঠানে যোগ দেন মোদী।
ভারতভুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে সেজে উঠেছিল চিন সীমান্তবর্তী পাহাড়ি রাজ্য সিকিম। এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীর হাত ধরে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি, প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তির উন্মোচন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আবহাওয়ার বাধা সব পরিকল্পনা ভেস্তে দেয়।
বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে পরপর দুটি কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রথম প্রশাসনিক অনুষ্ঠানে তিনি দুই জেলায় ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১,০১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের মাধ্যমে আলিপুরদুয়ার ও কোচবিহারের প্রায় আড়াই লক্ষ পরিবার পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পাবে।
এছাড়াও, এই প্রকল্পের অধীনে ১০০-র বেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে এবং ১৯টি সিএনজি স্টেশন তৈরি করা হবে, যাতে সিএনজি চালিত যানবাহনের জন্য জ্বালানি পাওয়া সহজ হয়।
প্রশাসনিক অনুষ্ঠানের পর বিকেল ৩টে নাগাদ একই মাঠে রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিককালে গুজরাট ও রাজস্থানে একাধিক জনসভায় পাকিস্তান, সন্ত্রাসবাদ এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন মোদী। আলিপুরদুয়ারের সভা থেকেও সেই সুর বজায় থাকে কি না, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এক বছর বাকি। রাজ্য বিজেপি সূত্রে খবর, আলিপুরদুয়ারের সভা থেকে নির্বাচনী প্রচারের ঝাঁঝ আরও বাড়াতে পারেন মোদী। তাই এই সফর শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।