ওড়িশা সংলগ্ন নিন্মচাপের জেরে জলমগ্ন কলকাতা! জল থইথই শহরের বিভিন্ন অংশ

ওড়িশা সংলগ্ন উপকূলে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে, এবং রাতভর হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে।

রাতভর বৃষ্টির জেরে কলকাতার পিকে গুহ রোড, ঠনঠনিয়া কালীবাড়ি, আমহার্স্ট স্ট্রিট-সহ উত্তর কলকাতার একাধিক জায়গায় জল জমে গেছে। দক্ষিণ দমদমেও একই পরিস্থিতি দেখা গেছে। রাস্তায় হাঁটু জল জমে যাওয়ায় অফিসগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বহু জায়গায় ধীর গতিতে চলছে যান চলাচল, যা যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও বৃষ্টির জেরে জলমগ্ন। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় জল জমেছে। ব্যান্ডেল স্টেশন রোডেও জল থইথই অবস্থা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে। এর ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।