“সন্ত্রাসের বিরুদ্ধে সবাই আওয়াজ তুলুন, পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে” : অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে আওয়াজ তোলার আবেদন জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, “ভারত সন্ত্রাসের শিকার হয়ে থাকতে পারে না” এবং “পাকিস্তান যে ভাষায় বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে।”
সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়ার পর সিঙ্গাপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নেন তিনি। এই আলাপচারিতায় অভিষেক ভারতের বর্তমান অবস্থান তুলে ধরেন এবং কীভাবে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে, সেই বিষয়টি বিশদে আলোচনা করেন।
তিনি বলেন, “আমি আগেও বলেছি, আবার বলছি, পাকিস্তান যে ভাষায় বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে। জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের উচ্চপদস্থ সেনা আধিকারিকদের উপস্থিতি বুঝিয়ে দেয়, তারা সন্ত্রাসবাদকে লালন করছে।” এর আগে সিঙ্গাপুরে নেতাজির স্মৃতিস্তম্ভ এবং রামকৃষ্ণ মিশনে শ্রদ্ধা জানান অভিষেক।
সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের আহ্বান
ভারতীয় সেনাদের ধন্যবাদ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে, তাঁদের জন্যই ভারতীয়রা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন। এর পরেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে অভিষেকের আবেদন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে আপনারাও আওয়াজ তুলুন।” তাঁর কথায়, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সকলকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। এই বিষয়টি আমাদের সব মহলে, বিশ্ববিদ্যালয়ে, বোর্ডরুমে, শ্রেণিকক্ষে আলোচনা করতে হবে। ভারত সন্ত্রাসবাদের শিকার হয়ে থাকতে পারে না।”
তৃণমূল সাংসদ স্পষ্ট জানান, ভারতীয় সেনা শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে এবং একজনও সাধারণ নাগরিকের কোনও ক্ষতি হয়নি, যা ভারতের জাতীয় চরিত্রকে প্রতিফলিত করে। অভিষেকের কথায়, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা একটি যৌথ দায়িত্ব। সকলকে এই বিষয় নিয়ে কথা বলার এবং পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন, যাতে ভারত আর কখনও এই ধরনের হিংসার শিকার না হয়।”
ডায়মন্ড হারবারের সাংসদ আরও বলেন যে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নীরবতার মাধ্যমে হয় না। সীমান্ত সন্ত্রাসবাদ শুধুমাত্র ভারতের সমস্যা নয়, এটি গোটা বিশ্বের জন্যই হুমকি। এটি সকলকে এক হয়েই সমাধান করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে যেমন কোনো বিভেদ নেই, তেমনই প্রবাসী ভারতীয়দেরও এই পরিস্থিতিতে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।