পরীক্ষায় যাঁরা বসতে পারবেন না তাঁদের জন্য কি ব্যবস্থা করা হবে? অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

চাকরিহারা শিক্ষকদের জন্য নতুন করে পরীক্ষার আয়োজনের কথা ঘোষণা করার পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মানবিকতার বার্তা দিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, সুপ্রিম কোর্ট যাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে এবং পরীক্ষায় বসতে বারণ করেছে, তাদের জন্যও রাজ্য সরকার বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এবং যাঁদেরটা বাতিল করা হয়েছে এবং যাঁদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না, তাঁরা অন্য বিভাগে যোগদান করতে পারে, কোর্ট বলে দিয়েছে।” তিনি আরও যোগ করেন, “শিক্ষা দফতরে লোক দরকার। ঘণ্টা বাজানো, রুম পরিষ্কারের লোক দরকার, তালা বন্ধ লোক নেই…।” অর্থাৎ, যাদের শিক্ষকতার চাকরি বাতিল হয়েছে, তারা শিক্ষা দপ্তরের বিভিন্ন অশিক্ষক পদে আবেদন করতে পারবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “সেই রকম যেমন অতিরিক্ত গ্রুপ সি-ডি নিচ্ছি… তেমন তাঁরাও শিক্ষা দফতরে আবেদন করতে পারেন। তাছাড়া আমরা আরও তিন চারটে ডিপার্টমেন্টে কাজের অপশন দেব। সেটা আলাদা করে নোটিফাই করব।” এর অর্থ হল, শুধু শিক্ষাদপ্তর নয়, আরও কয়েকটি সরকারি দপ্তরে চাকরিহারাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, যা খুব শীঘ্রই আলাদা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অনেক চাকরিহারাদের বাড়িতে বৃদ্ধ বাবা-মা রয়েছেন, অনেকে ঋণ নিয়েছেন। এই অবস্থায় তাদের চাকরি চলে গেলে তাদের সংসার চালানো কঠিন হবে। তিনি বলেন, “মানবিকতার স্বার্থে তাঁরা শিক্ষা দফতরে অ্যাপ্লাই করতে পারেন। এরপর আরও কয়েকটি বিভাগেও অ্যাপ্লাই করতে পারেন। সেটা আমরা তিন চারদিন পর করে দেব। তবে আগে শিক্ষকদের নোটিফিকেশন বেরবে, তারপর বাকিদের।”