বাগানের নালায় ওটা কে পড়ে আছে? এগিয়ে যেতেই সবাই অবাক! হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার… মালবাজারের চা বস্তি তোলপাড়

মালবাজারের নেপচাপুর চা বাগান বস্তি এলাকায় বাগানের নালা থেকে একটি হস্তিশাবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আপালচাঁদ জঙ্গল থেকে প্রায় ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল শাবকসহ এই এলাকায় ঢুকে পড়েছিল।
হাতির দলটি চা বাগান পেরিয়ে জঙ্গলে ফেরার পথে একটি শাবক বাগানের নালায় পড়ে যায়। এরপর হাতির দলটি শাবকটিকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু উদ্ধারের সময় অন্যান্য হাতির পায়ের চাপে মাটি ধসে শাবকটির ওপর পড়ে এবং মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়।
বনদফতরের কর্মীরা রাত থেকেই ঘটনাস্থলে উপস্থিত থাকলেও, হাতির দলের কারণে মৃত শাবকের কাছে যেতে পারেননি। অবশেষে বুধবার ভোর নাগাদ হাতির দলটিকে ওই এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হলে মৃত হস্তিশাবকটিকে উদ্ধার করা হয়।
শাবকটির দেহ লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বনদফতর সূত্রে খবর, সেখানে ময়নাতদন্তের পর শাবকটির শেষকৃত্য সম্পন্ন করা হবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।