ফের শিরোনামে মুর্শিদাবাদ, ডোমকল থেকে এবার উদ্ধার পিস্তল-গুলি; গ্রেফতার ২

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদ জেলায় বোমা উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
সোমবার, মুর্শিদাবাদের ডোমকল থানার হারুর পাড়া মাঠ এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে একটি ১২ ব্যারেল পাইপ গান, একটি ৭ এমএম পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দু’রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতদের নাম টোটন মণ্ডল (সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা) এবং সজিবুর শেখ (ডোমকল থানা এলাকার বাসিন্দা)। ডোমকল থানার পুলিশ তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠিয়েছে।
এর আগে সোমবার সকালেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত তিন পাকুরিয়া এলাকাতে একটি প্লাস্টিকের বালতি পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে সামশেরগঞ্জ থানার পুলিশ এসে বালতিটিকে উদ্ধার করে। বালতি থেকে উদ্ধার হয় বেশ কিছু তাজা বোমা। এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে তিন পাকুরিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার আম বাগানের মধ্যেই বোমা ভর্তি বালতিটিকে ঘিরে রাখে পুলিশ এবং এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।
মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের কপালে ভাঁজ পড়েছে। এত পরিমাণে অস্ত্র ও বোমা কোথা থেকে আসছে এবং কী কারণেই বা এত পরিমাণ বোমা আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পুলিশের প্রতিনিয়ত ধরপাকড়, নাকা চেকিং-এর পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলিতে কড়া নজরদারির কারণেই এই ধরনের অস্ত্র ও বোমা উদ্ধার হচ্ছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাত্র সাত থেকে আট মাস বাকি। তার আগেই রাজ্যে যে পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা পুলিশের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।