‘চিরসখা’-তে বর্ষার মায়ের চরিত্রে বদল! অপর্ণার জায়গায় অনিন্দিতা, কেন হঠাৎ পালাবদল?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’-র দর্শকদের জন্য এল এক নতুন খবর। ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র বর্ষার মায়ের ভূমিকায় এতদিন দেখা যাচ্ছিল অভিনেত্রী অপর্ণা ভট্টাচার্যকে। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরে এসেই নেতিবাচক চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। তবে সম্প্রতি সেই চরিত্রে দেখা যাবে নতুন মুখ – অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।
ইতিমধ্যেই ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে অভিনয় করছেন অনিন্দিতা। এবার তাঁর ঝুলিতে যোগ হল ‘চিরসখা’। কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন?
এই প্রসঙ্গে মুখ খুলেছেন অপর্ণা ভট্টাচার্য নিজেই। তিনি জানিয়েছেন, ‘‘ব্যক্তিগত কারণে আমাকে এই ধারাবাহিক থেকে সরে আসতে হচ্ছে। কিছুদিনের জন্য শহরের বাইরে থাকতে হবে, তাই শুটিংয়ের সময় মেলানো আমার পক্ষে কঠিন হয়ে পড়ছিল। সকলের সঙ্গে আলোচনা করেই তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে অপর্ণার ভক্তদের জন্য সুখবর, এই বিদায় একেবারেই সাময়িক। তিনি আশা প্রকাশ করেছেন খুব শীঘ্রই নতুন কোনও চরিত্রে তিনি আবার ছোট পর্দায় ফিরবেন।
অন্যদিকে, অনিন্দিতা রায়চৌধুরীর জন্য এই চরিত্রটি পাওয়া মোটেও সহজ ছিল না। কারণ কিছুদিন আগেই তিনি মা হয়েছেন। মাত্র দু’মাস আগেই তিনি ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকের শুটিংয়ে ফিরেছেন, আর এরই মাঝে নতুন চ্যালেঞ্জ ‘চিরসখা’।
এই পরিস্থিতিতে দুটি ধারাবাহিক এবং মাতৃত্ব কীভাবে সামলাচ্ছেন অনিন্দিতা? উত্তরে তিনি জানান, ‘‘প্রযোজনা সংস্থা এবং পরিবারের সহযোগিতা ছাড়া এটা একেবারেই সম্ভব হত না। আমার সুবিধার কথা মাথায় রেখে ডেট দেওয়া হচ্ছে, এটাই আমার বড় ভরসা।’’
এছাড়াও তিনি বর্ষার মায়ের আগের অভিনেত্রী অপর্ণা ভট্টাচার্যের কাজের প্রশংসা করে বলেন, ‘‘লীনাদির সঙ্গে প্রায় এক বছর পর আবার কাজ করছি। অপর্ণাদি যেভাবে চরিত্রটি করেছেন, তা সত্যিই সম্মানের। আমি আমার মতো করে সেই জায়গাটি ধরার চেষ্টা করব। এখন আমি মূলত নেতিবাচক চরিত্রেই বেশি কাজ করছি, তবে আমার একটাই চাওয়া, প্রতিটি চরিত্র যেন দর্শকের মনে আলাদা করে জায়গা করে নেয়।’’
সংসার, সন্তান এবং অভিনয় – এই তিন দিক সামলানোর জন্য অনিন্দিতার পাশে রয়েছে একরাশ ভালোবাসা, ভরসা এবং অক্লান্ত পরিশ্রম। এখন দেখার, দর্শক নতুন ‘বর্ষার মা’ অনিন্দিতাকে কতটা আপন করে নেন।