চাকরিহারা শিক্ষকদের প্রস্তাবে সায় রাজ্যের, আজ দুপুরেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষা দফতর?

দীর্ঘদিনের আন্দোলন এবং অনিশ্চয়তার পর অবশেষে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য শিক্ষা দফতর। আজ, সোমবার (২৬শে মে) দুপুর ১টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। চাকরিহারা শিক্ষকদের প্রধান দাবি, যোগ্যতার ভিত্তিতে বাতিল হওয়া শিক্ষকদের যেন কোনো নতুন পরীক্ষা ছাড়াই চাকরিতে পুনর্বহাল করা হয়।

চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানিয়েছেন, “আজ হয়তো শিক্ষাসচিব দেখা করতে পারেন। আমাদের যে দাবিদাওয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমরা অবশ্যই চাইব ৬ জনের প্রতিনিধি দল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা যাতে করতে পারি।” তিনি আরও বলেন, “সব থেকে বড় আলোচনার বিষয় থাকবে, যোগ্যদের জন্য কোনো পরীক্ষা নয়। পরীক্ষা না দিয়ে যোগ্যরা কীভাবে চাকরিতে পুনর্বহাল থাকতে পারে, সে বিষয়ে আলোচনাটাই প্রাধান্য পাবে। তবে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই, পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই।”

চিন্ময় মণ্ডল আরও উল্লেখ করেন, “দাবি আমরা অনেকই জানিয়েছি। কোনোটা পূরণ হয়নি। তবে এবার আমরা দাবির সঙ্গে সঙ্গে আলোচনাটাও চাই। কারণ যেহেতু একটা রব উঠেছে নোটিফিকেশন দেওয়ার, কী নোটিফিকেশন দিচ্ছে, সেটা আমাদের জানা দরকার। পরীক্ষা না নিয়ে কীভাবে আমাদের পুনর্বহাল করা যায়, সে বিষয়ে সরকারের ভাবনাটা কী, সেটা আমাদের জানা দরকার।”

রবিবারই চাকরিহারাদের একটি প্রতিনিধি দল কালীঘাট থানা থেকে অনুমতি নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের অফিসে একটি সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়ে এসেছেন। এদিকে, করুণাময়ীতে অবস্থানরত চাকরিহারারা আলোচনা চেয়ে সরকারকে একটি ডেডলাইন বেঁধে দিয়ে চিঠিও দিয়েছিলেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবিবার রাতে জানিয়েছিলেন, চাকরিহারাদের চিঠিতে কী নিয়ে আলোচনা, সেটা স্পষ্ট উল্লেখ নেই। তাঁদের বিষয়টি জানানো হয়েছে। তবে সরকার যে আলোচনায় বসতে রাজি আছে, তা স্পষ্ট করে দেন। তিনি এও বলেন যে, চাকরিহারাদের একাংশের মাথায় নেতিবাচক চিন্তাভাবনা ঢোকানো হচ্ছে।