‘চিকেন নেক’ বিতর্কে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মার! মানচিত্র শেয়ার করে পাল্টা জবাব

ভারতের ‘চিকেন নেক’ করিডোর নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতি ফের কড়া হুঁশিয়ারি দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের মানচিত্র শেয়ার করে তিনি সাফ জানিয়েছেন, যারা ভারতের নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে, তাদের নিজেদের ভৌগোলিক দুর্বলতা সম্পর্কে সচেতন থাকা উচিত।
সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস ভারতের ‘চিকেন’স নেক’ করিডোর নিয়ে যে মন্তব্য করেছেন, তারই প্রেক্ষিতে হিমন্ত বিশ্ব শর্মা এই পাল্টা জবাব দিয়েছেন। নিজের ‘এক্স’ (পূর্বের টুইটার) হ্যান্ডেলে বাংলাদেশের মানচিত্র শেয়ার করে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, “বাংলাদেশের দু’টি চিকেন নেক রয়েছে যেটা অনেক অনেক বেশি নড়বড়ে। প্রথমটা হল দক্ষিণ দিনাজপুর থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে নর্থ বাংলাদেশ করিডর। এই এলাকায় কোনও সমস্যা হলে গোটা রংপুর বিচ্ছিন্ন হয়ে পড়বে বাংলাদেশের থেকে।”
তিনি আরও উল্লেখ করেন দ্বিতীয় দুর্বলতা সম্পর্কে: “দ্বিতীয়টা হল দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরত্বে চিটাগং করিডর। ভারতের চিকেন নেকের থেকেও অনেকটা ছোট এই অংশটি। তাছাড়াও বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক রাজধানীর মধ্যে এই পথটাই একমাত্র সংযোগকারী।”
হিমন্ত বিশ্ব শর্মা দিনকয়েক আগেই এক সাংবাদিক সম্মেলনে এই একই সুর তুলেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “আমাদের একটা চিকেন নেক রয়েছে। কিন্তু বাংলাদেশের চিকেন নেকের সংখ্যা দু’টি। যদি বাংলাদেশ আমাদের চিকেন নেককে আক্রমণ করে, তাহলে আমরা বাংলাদেশের দুটো চিকেন নেকেই আক্রমণ করব।”
উল্লেখ্য, ‘চিকেন নেক’ বা ‘শিলিগুড়ি করিডোর’ হলো ভারতের একটি সরু ভূখণ্ড যা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই ভূ-রাজনৈতিক আলোচনা চলে আসছে। আসামের মুখ্যমন্ত্রীর এই ধরনের কড়া মন্তব্য ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আরও জটিল করতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।