বাড়ি বাড়ি মশলা দেওয়ার নামে গোপন তথ্য হাতানোর ছক খুঁজছে ওরা, কীভাবে আঁচ করল তৃণমূল?

আসন্ন নির্বাচনের আগে ভোটারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার এক অভিনব এবং উদ্বেগজনক পদ্ধতির বিষয়ে সতর্কতা জারি করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, কিছু কুচক্রী ব্যক্তি ‘স্বেচ্ছাসেবী সংগঠন’ বা ‘এনজিও’-এর নামে বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, যেমন – হলুদগুঁড়ো বা লঙ্কাগুঁড়ো, বিতরণ করে ভোটারদের নাম, ফোন নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। এই প্রতারণার ফাঁদে যাতে কেউ পা না দেয়, তার জন্য রীতিমতো সার্কুলার জারি করে দলীয় নেতাদের সতর্ক করেছে তৃণমূল।

তৃণমূলের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, “এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের নামে কিছু কুচক্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কোথাও মশলা, কোথাও অন্যান্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করে পরিবর্তে তাঁদের নাম, ফোন নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহ করছেন।” প্রাথমিকভাবে বিষয়টি অদ্ভুত মনে হলেও, তৃণমূলের মনে এই নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসার পর তৃণমূলের পক্ষ থেকে দলীয় নেতাদের কাছে একটি জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, “অবিলম্বে আপনার-আপনাদের অঞ্চলে লক্ষ্য রাখুন ও সর্বস্তরের বুথকর্মীদের নিয়ে মিটিং করে সকলকে সতর্ক ও সচেতন করুন।”

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, এই ব্যক্তিদের মূল উদ্দেশ্য হল “আমাদের সমস্ত অভ্যন্তরীন খবরাখবর নেওয়া।” তাই, কোনো ব্যক্তি এই ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অবিলম্বে পুলিশে এফআইআর করার এবং দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কীভাবে বিষয়টি নিয়ে তৃণমূল আঁচ করতে পারল? সূত্র মারফত জানা গেছে, জঙ্গলমহলের বিনাপুর এলাকায় এমন একটি ঘটনা ঘটেছিল বলে খবর আসে। এরপরই তৃণমূল নড়েচড়ে বসে এবং গোটা ঘটনাটি সম্পর্কে সতর্ক হয়। সেই ঘটনার পরেই তৃণমূলের তরফ থেকে দলের নেতা-কর্মীদের সতর্ক করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।