অপারেশন সিঁদুর অযথা মন্তব্য করবেন না! দলের নেতাদের করলেন মোদী, ক্ষমা চাইলেন জাংরা

সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তীকালে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিজেপি নেতাদের ধারাবাহিক বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়েছে দল। এই পরিস্থিতিতে দলের নেতাদের অযথা কথা বলা এবং মন্তব্য করা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পরপরই ক্ষমা চেয়েছেন বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরা, যদিও তিনি দাবি করেছেন তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে।

গত কিছুদিন ধরেই বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য সংবাদ শিরোনামে উঠে আসছে। দিন কয়েক আগেই ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্য করে বিতর্কে জড়ান মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ। তিনি সোফিয়াকে “সন্ত্রাসবাদীদের বোন” বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের জেরে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হলে বিজয় শাহ ক্ষমা চাইতে বাধ্য হন। শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়, যেখানে সুপ্রিম কোর্ট এমন মন্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করে।

এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই বিজেপি রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দেন। তিনি বলেন, “পহেলগাঁওয়ে মহিলাদের (মহিলা পর্যটক) সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা উচিত ছিল এবং হামলায় স্বামী হারানো মহিলাদের বীরঙ্গনা হিসেবে আচরণ করা উচিত ছিল। তাহলে হতাহতের সংখ্যা কম হতো।” তার এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় এবং বিরোধীরা বিজেপিকে “নারী বিদ্বেষী” বলে অভিযোগ করে।

বিজেপি নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্য সামনে আসতেই রবিবার এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে সতর্ক করে বার্তা দেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন, অযথা মন্তব্য করা থেকে যেন দলের নেতারা বিরত থাকেন।

প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পরপরই রবিবারই বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা একটি ভিডিও বার্তায় পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, কাউকে অপমান করার কোনও ইচ্ছা তাঁর ছিল না। জাংরা বলেন, “আমি আমার দেশের নারীদের কোনওভাবেই দুর্বল মনে করি না। আমরা পহেলগাঁওয়ে হামলায় স্বামী হারানো মহিলাদের পাশে আছি। আমরা সেই পরিবারের পাশে আছি। তবুও, যদি আমি কারও অনুভূতিতে আঘাত করে থাকি তাহলে ক্ষমা চাইতে আমার কোনও দ্বিধা নেই।”

তিনি আরও বলেন, “আমি আমার দেশের মহিলাদের সঙ্গে কোনওভাবেই বিদ্বেষমূলক আচরণ করি না। আমি বিশ্বাস করি তাঁরা সাহসী। দেশের বীরাঙ্গনাদের সম্মান করি এবং তাঁদের স্যালুট জানাই।” ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানকে এমন শিক্ষা দিয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি।