বিধানসভা নির্বাচনের আগে শুভ ইঙ্গিত! হলদিয়ায় উড়ল গেরুয়া পতাকা, ফের হার তৃণমূলের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নন্দীগ্রামের পর এবার হলদিয়ার মহিষাদল বিধানসভার বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনে বড় জয় ছিনিয়ে আনলো গেরুয়া শিবির। এই জয় পদ্ম শিবিরকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।

রবিবার অনুষ্ঠিত এই সমবায় সমিতির নির্বাচনে মোট ৪৬টি আসনের মধ্যে বিজেপি সমর্থিত প্রার্থীরা ২৬টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেস ২০টি আসনে জয় পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে বিজেপির এই ধারাবাহিক জয় রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই জয় প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সোমনাথ ভুঁইয়া এক সাক্ষাৎকারে বলেন, “হিন্দুরা জেগে উঠেছে। তাই আমরা গতকাল নন্দীগ্রামে বিপুল আসনে জয় পেয়েছি। আজ হলদিয়ায় সমবায় নির্বাচনে এই জয়। আগামী দিনে পশ্চিমবঙ্গজুড়ে হিন্দুরা জেগে উঠে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিপুল আসন আমাদের দখলে আসবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, একদিন আগেই নন্দীগ্রামের আমড়াতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর নির্বাচনেও বিজেপি সমর্থিত প্রার্থীরা বিপুল জয় লাভ করেছিল। আমড়াতলা সমবায় সমিতির মোট ৬০টি আসনের মধ্যে বিজেপি ৪২টি আসনে জয়লাভ করে, যেখানে শাসকদল তৃণমূল কংগ্রেস মাত্র ১৮টি আসনে সন্তুষ্ট থাকে। শুধু তাই নয়, কমিটি গঠনের জন্য ডেলিগেটদের নির্বাচনেও ১০টি আসনের মধ্যে বিজেপি ৯টি আসনে জয়লাভ করে, যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র ১টি আসনে জয় পায়।

এই ধারাবাহিক সমবায় জয়ের ঘটনা বিজেপির সাংগঠনিক শক্তির বৃদ্ধি এবং তৃণমূলের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ফলাফল নিঃসন্দেহে উভয় দলের রণনীতিতে প্রভাব ফেলবে।