ঘুষ নেওয়ার অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার চিকিৎসক, বাড়িতে মিলল লক্ষ লক্ষ টাকা ও গয়না

ক্ষমতার অপব্যবহার করে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে চিকিৎসক তপনকুমার জানাকে কলকাতা থেকে হাতেনাতে গ্রেফতার করেছে সিবিআই। জানা গেছে, দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে সিবিআই নিজেদের জালে জড়ায়। এরপর তাঁর বর্ধমানের বাড়িতে রাতভর অভিযান চালিয়ে বহু লক্ষ টাকা নগদ, সোনা, হিরে-সহ প্রচুর মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।
সিবিআই হেফাজতে চিকিৎসক তপনকুমার জানা
রবিবার ধৃত চিকিৎসক তপনকুমার জানাকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে আদালত তাঁকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে এখন সিবিআই তাঁকে বিস্তারিত জেরা করবে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের বেলগাভির একটি বেসরকারি মেডিক্যাল কলেজকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তপন কুমার জানা এই দশ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন। জাতীয় চিকিৎসা কমিশনের মূল্যায়ণকারী হিসেবে কর্মরত থাকা অবস্থায় তিনি নিজের পদের অপব্যবহার করে এই ঘুষ নিচ্ছিলেন বলে অভিযোগ। ১০ লক্ষ টাকা নেওয়ার সময়ই তাঁকে গ্রেফতার করা হয়।
বর্ধমানের বাড়িতে বিপুল উদ্ধার: ৫৪ লক্ষ টাকা ও মূল্যবান সামগ্রী
অন্যদিকে, তপনকুমার জানার বর্ধমানের বাড়ি এবং অন্যান্য কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে আরও ৪৪ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। সিবিআই সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত মোট ৫৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১১টা নাগাদ সিবিআইয়ের ৮ জনের একটি দল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় তল্লাশি শুরু করে, যা রবিবার সকাল পর্যন্ত চলে। রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান। যদিও ওই চিকিৎসক বাড়িতে ছিলেন না, তাঁর স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা বাড়িতে উপস্থিত ছিলেন।
পুলিশ ও সিবিআই সূত্রে জানা গেছে, সকালে চিকিৎসকের বাড়ি থেকে নগদ টাকা, হিরে, সোনার গহনা-সহ মূল্যবান রত্ন উদ্ধার করে নিয়ে যায় সিবিআই। একইসঙ্গে, কম্পিউটারের হার্ডডিস্ক এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার রাতে বর্ধমান থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে সিবিআই এই অভিযান চালায়।
বর্তমানে চিকিৎসক তপন কুমার জানা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শারীরিক বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত। তাঁর স্ত্রী চিকিৎসক সুস্মিতা জানা আরামবাগ মেডিক্যাল কলেজের রেডিওলজি বিভাগে রয়েছেন। এই ঘটনা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।