‘কোনও তৃতীয় পক্ষের মধ্যস্ততা নেই’, ভারত-পাক সংঘাতে, ট্রাম্পের দাবি উড়িয়ে মোদির বার্তা

ভারত-পাক সংঘাত কিছুটা স্তিমিত হলেও, এই সংঘর্ষবিরতি কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় হয়েছিল কিনা, তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার, এনডিএ জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, কোনো ‘তৃতীয়’ মধ্যস্থতা ছাড়াই ভারত-পাকের মধ্যে সংঘর্ষবিরতি হয়েছে।
মোদির মন্তব্যের তাৎপর্য
রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মোদির এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। কারণ, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সংঘাত থামানোর ক্ষেত্রে বারবার নিজেকে এবং তাঁর প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন, সেখানে দাঁড়িয়ে মোদির এমন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটি আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের দাবির বিরুদ্ধে ভারতের অবস্থানকে আরও পরিষ্কার করে তুলল।
‘অপারেশন সিঁদুর’-এর পরেই বিজেপি শাসিত অঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “সংঘর্ষবিরতির জন্য কাতর আবেদন করেছিল পাকিস্তানই। প্রথম ফোন এসেছিল ওপার থেকেই। আমরা তা গ্রহণ করি। এর মধ্যে কোনো ধরনের তৃতীয় কেউ যুক্ত ছিল না।”
আলটপকা মন্তব্যে রাশ টানার নির্দেশ
একইসঙ্গে এই বৈঠকে এনডিএ তথা বিজেপির নেতা-মন্ত্রীদের যেকোনো ধরনের আলটপকা মন্তব্যে রাশ টানতে বলেন মোদি। এই প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে সেখানে যা খুশি মন্তব্য করা থেকে বিরত থাকুন।”
প্রসঙ্গত, গত ১৪ মে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি প্রসঙ্গে মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহ এমনই অপমানজনক মন্তব্য করে বসেন, যা নিয়ে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত মন্তব্যের জন্য বিজয় শাহকে ক্ষমা চাইতে হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশ দলীয় নেতাদের সংযত হতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।