বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে তাজমহল! হুমকি মেল পেতেই হাই অ্যালার্ট জারি, জোরদার নিরাপত্তা

বিশ্বজুড়ে খ্যাত ঐতিহাসিক স্থাপত্য তাজমহলকে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকির জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল (শনিবার) সকাল ৭টা নাগাদ অজ্ঞাত পরিচয় সাব্বাকু শঙ্কর নামক একটি ইমেল আইডি থেকে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ এবং দিল্লি পুলিশের কাছে একটি হুমকি মেল আসে। সেই ইমেলে দাবি করা হয়, বিকেল সাড়ে ৩টে নাগাদ রয়্যাল ডেমোলিশন এক্সপ্লোসিভ (আরডিএক্স) ব্যবহার করে তাজমহল গুঁড়িয়ে দেওয়া হবে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই হুমকি মেলটি কেরল থেকে পাঠানো হয়েছে। এরপরই তাজমহল চত্বরে জারি করা হয় হাই অ্যালার্ট। হুমকির পাওয়ার পর থেকেই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর জওয়ান, তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড, পর্যটন পুলিশ এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) সদস্যরা প্রায় তিন ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশি অভিযান চালান। তবে, তল্লাশিতে কোনো সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি।
ডিপুটি কমিশনার অফ পুলিশ (ডিসি) সিটি সোনম কুমার এই প্রসঙ্গে জানান, “কেরল থেকে যে ইমেলটি এসেছিল, সেটি ভুয়ো বলে মনে হচ্ছে। তবুও, ঘটনার তদন্তের জন্য সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।”
হুমকি মেল পাওয়ার পর গতকাল দুপুর ১টা থেকে তাজমহলে প্রবেশের প্রতিটি গেটে নিরাপত্তা জোরদার করা হয়। আগত সকল পর্যটকদের পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। সিসিটিভির মাধ্যমেও কঠোর নজরদারি চালানো হয়। তাজমহল চত্বরের প্রতিটি কোণ, স্মৃতিসৌধের উপর থেকে শুরু করে ভেতরের কমপ্লেক্স, বাগান এবং করিডোর পর্যন্ত তন্নতন্ন করে খোঁজা হয়। বিকেল ৪টা পর্যন্ত এই তল্লাশি অভিযান চলে।
উল্লেখ্য, এর আগেও তাজমহল বেশ কয়েকবার একই ধরনের বোমা হামলার হুমকি পেয়েছে। ২০০৮ সালের মার্চ মাসে তামিলনাড়ুর এক ব্যক্তিকে বোমা হামলার হুমকির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে জেল হেফাজতে পাঠানো হয়।
এইবারের হুমকির ঘটনায় আতঙ্ক সৃষ্টি হলেও, পুলিশের তড়িৎ পদক্ষেপে এবং ব্যাপক তল্লাশির পর কোনো বিপদজনক কিছু না পাওয়ায় স্বস্তি ফিরেছে। তবে, এই ধরনের ভুয়ো হুমকির উৎস খুঁজে বের করতে তদন্তকারী সংস্থাগুলি কাজ করছে।