কলকাতাতেও জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী! জাল নথি বানাতে সাহায্য করায় গ্রেফতার আরও ১

কলকাতার কালীঘাট এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার তদন্তে নেমে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ। ধৃতের নাম আজাদ শেখ। এই ঘটনায় তাকে জাল নথি বানাতে সাহায্য করার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৮ই মে কালীঘাটে একটি গাড়ির ধাক্কায় নেতাজিনগর থানার এএসআই সুষেণ দাস গুরুতর আহত হন। ঘটনার পর অভিযুক্ত গাড়ি চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করতেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই লাইসেন্সটি জাল নথি দিয়ে তৈরি করা হয়েছিল, যা দেখে পুলিশের সন্দেহ হয়।

তদন্তে বেরিয়ে আসে যে, আজাদ শেখ ২০২৩ সালের অক্টোবর মাসে উত্তর ২৪ পরগনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর সে জাল নথি ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স তৈরি করিয়েছিল। এই ঘটনার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারী এবং জাল নথি প্রস্তুতকারী চক্রের একটি অংশ ধরা পড়েছে। পুলিশ এখন এই চক্রের সঙ্গে জড়িত আরও কারা রয়েছে, তা খতিয়ে দেখছে।