রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি! বাতিল 49টি বিমান, জলমগ্ন বহু এলাকা

রাজধানী দিল্লিজুড়ে রাতভর ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকা কার্যত জলের তলায় চলে গেছে, যার ফলে রবিবার সকালে দিল্লি কার্যত নাজেহাল অবস্থায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বিমান পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল এমন প্রায় ৫০টি বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি বিমান বাতিল হয়েছে এবং অনেক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারাদিন পরিস্থিতির উন্নতির তেমন কোনো সম্ভাবনা নেই। ইন্ডিগো এয়ারলাইন্স তাদের এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, “গত রাতের দিল্লির আবহাওয়ার কারণে এয়ারসাইডে যানজট এখনও ফ্লাইটগুলোকে প্রভাবিত করছে। দয়া করে আগে থেকে পরিকল্পনা করুন এবং আপনার ফ্লাইটের অবস্থা পরীক্ষা করে নিন।”
প্রবল বৃষ্টির জেরে দিল্লির মিন্টো রোড, মোতি বাগ, ক্যান্টনমেন্ট থেকে শুরু করে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল পর্যন্ত এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কিছু কিছু রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে, আবার কিছু এলাকায় জল জমার কারণে ধীর গতিতে গাড়ি চলাচল করছে। ছবিতে দেখা যাচ্ছে, কোথাও হাঁটু পর্যন্ত জল, আবার কোথাও গাড়ি প্রায় ডুবে গেছে।
শনিবার দুপুরের দিকে মৌসম ভবন পূর্বাভাস দিয়েছিল যে, রাত থেকে দিল্লিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা ছিল। সেই পূর্বাভাস সত্যি করে রাত সাড়ে এগারোটা থেকে রাজধানীতে ঝেঁপে বৃষ্টি শুরু হয় এবং ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ভারী বৃষ্টি চলে। এই ৬ ঘণ্টায় ৮১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক অতীতে দিল্লিতে এমন পরিমাণে বৃষ্টি হয়নি। সকালে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃষ্টি চলবে এবং বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে।
শুধু দিল্লি নয়, দেশের বেশ কিছু জায়গায় গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হচ্ছে। কোথাও আবার ভারী বৃষ্টিও হচ্ছে। এর কারণ হলো, এবার নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষা প্রবেশ করেছে। সাধারণত, জুনের ১ তারিখ দেশের মূল ভূ-খণ্ডে বর্ষা প্রবেশ করে, তবে এবার মে মাসের তৃতীয় সপ্তাহের শেষেই বর্ষার মরশুম শুরু হয়েছে। খাতায়-কলমে দিল্লিতে এখনও বর্ষা না এলেও, এই প্রাক-বর্ষার বৃষ্টিতেই বিপর্যস্ত রাজধানী।