ঝড়ের গতিতে উন্নতি! জাপানকে টপকে চতুর্থ স্থানে ভারত

ভারতীয় অর্থনীতির জয়যাত্রা অব্যাহত! জাপানকে পেছনে ফেলে এবার বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল ভারত। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম শনিবার এই তথ্য জানিয়েছেন।

নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সুব্রহ্মণ্যম বলেন, “ভারতের অর্থনৈতিক পরিবেশ আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। বর্তমানে ভারত ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম স্থানে দাঁড়িয়ে আছে।” তিনি আরও জানান যে, এই অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারত জাপানকেও ছাড়িয়ে গেছে।

সুব্রহ্মণ্যম এই বিষয়ে আরও বলেন, “এখন অর্থনীতির দিক থেকে ভারতের চেয়ে বড় কেবল আমেরিকা, চীন ও জার্মানি। যদি আমরা সঠিক পরিকল্পনা মেনে এগোতে পারি, তাহলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব।”

বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন শুল্কের কারণে বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক অস্থিরতা চলছে, তখন ভারতের এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাঙ্ক, আইএমএফ এবং বেশ কিছু বৈশ্বিক সংস্থা ভবিষ্যদ্বাণী করেছে যে, আগামীতে ভারতীয় অর্থনীতি আরও উপরের দিকে উঠবে।