“পরেশজি আমাদের সঙ্গে এমনটা কেন করলেন”- ‘হেরা ফেরি ৩’ বিতর্কে কাঁদলেন অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’–র তৃতীয় পর্ব নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিনেতা পরেশ রাওয়াল ছবি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করতেই তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা ‘ক্যাপ অফ গুড ফিল্মস’। এই ঘটনা বলিউড পাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ছবির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

গত ১৮ই মে সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে পরেশ রাওয়াল নিজেই জানিয়েছিলেন যে, তিনি আর ‘হেরা ফেরি ৩’-তে থাকছেন না। এই ঘোষণার পরপরই ‘বাবুরাও’ খ্যাত অভিনেতাকে আইনি নোটিশ পাঠায় সিনেমাটির প্রযোজনা সংস্থা।

পরিচালক প্রিয়দর্শনের হতাশা ও বিস্ফোরক দাবি:
এই ঘটনায় চূড়ান্ত হতাশ হয়েছেন ছবির পরিচালকের আসনে বসা প্রিয়দর্শন। তার কথায়, “সবে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম হেরা ফেরি ৩ করব। অক্ষয় তো এতটাই আশাবাদী ছিল যে ফ্র্যাঞ্চাইজির স্বত্বই কিনে নিয়েছে। কয়েকদিন আগেই আইপিএল টিজার ও একটি দৃশ্য আমরা তিনজন একসঙ্গে শ্যুট করলাম। অথচ হঠাৎ করে এমন সিদ্ধান্ত?”

প্রিয়দর্শনের আরও বিস্ফোরক দাবি, এই সিদ্ধান্তের কথা নাকি তাকে একবারও জানাননি পরেশ। বরং ফোন করলেও তিনি বার্তা পাঠিয়ে বলেন, “প্লিজ কল করবেন না। এটা আমার সিদ্ধান্ত, আপনার সঙ্গে কোনও সম্পর্ক নেই।” প্রিয়দর্শনের কথায়, “আমি খুব আহত ও হতবাক। আমরা তো একসঙ্গে ‘ভূত বাংলো’ ছবির শ্যুটিংও করলাম সম্প্রতি! এই সিদ্ধান্তের কথা যদি আগে বলতেন, আমি অন্তত প্রস্তুত থাকতে পারতাম।”

অক্ষয়ের প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়দর্শন বলেন, “পরেশের এই সিদ্ধান্তে অক্ষয়ের চোখে জল এসে গিয়েছিল। সে কান্নাজড়িত কণ্ঠে আমাকে বলেছিল, ‘প্রিয়ন, উনি আমাদের সঙ্গে এটা করছেন কেন?’ এটা খুবই দুঃখজনক। এখন অক্ষয় যে আইনি পদক্ষেপ নিচ্ছে, সেটা একেবারেই তার উপর বর্তানো অন্যায়ের প্রতিক্রিয়া।”

যদিও পরেশ রাওয়াল এক সাক্ষাৎকারে বলেছেন, তিনিই প্রথম পরিচালক ও অন্য কলাকুশলীদের নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন প্রিয়দর্শন। তার স্পষ্ট বক্তব্য, “পরেশ কখনও জানাননি যে ছবিটা ছেড়ে দিচ্ছেন। তার কাছ থেকে আমি শুধু একটা মেসেজ পেয়েছি যে, সে ছবিটা করবে না, কিন্তু আমার প্রতি ওর কোনও রাগ নেই।”

প্রসঙ্গত, ২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’র প্রথম পর্ব, যার দ্বিতীয় পার্ট এসেছিল ২০০৬ সালে। ‘হেরা ফেরি ৩’–এর ঘোষণা হয় ২০২৩ সালে এবং চলতি বছর জানুয়ারিতে নিশ্চিত করা হয় যে এটি পরিচালনা করবেন প্রিয়দর্শন। তবে এখন এই ছবির ভবিষ্যৎ কোন দিকে এগোয়, এবং পরেশ রাওয়ালের মামলার পরিণতি কী হয়, সেটাই দেখার বিষয়। এই বিতর্কের জেরে ‘হেরা ফেরি ৩’ প্রকল্প ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।