বিশেষ: অনেকের পড়তে বসলেই ঘুম আসে কেন? জেনেনিন ঘুম আসার বৈজ্ঞানিক কারণ আসলে কি?

পড়তে বসলেই অলসতা এবং রাজ্যের ঘুম এসে ভর করে অনেকেরই। আগামীকাল থেকে লম্বা সময় ধরে পড়ার পরিকল্পনা থাকলেও, কিছুক্ষণ পরেই দেখা যায় বইয়ের উপরই ঘুমিয়ে পড়েছেন। এর ফলে পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে এবং ক্লাসে বা পরীক্ষায় খারাপ ফল হওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু কেন এমন হয়? এবং এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী?
পড়ার সময় ঘুম আসার কারণ
গবেষণা বলছে, আমরা যখন পড়তে শুরু করি, তখন চোখকে অবিরাম বইয়ের পাতার দিকে নিবদ্ধ রাখতে হয়। চোখকে প্রতি মুহূর্তে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে ঘোরাতে হয়। একই সাথে মস্তিষ্ককে শব্দ, বাক্য বা অনুচ্ছেদগুলো গ্রহণ ও বিশ্লেষণ করতে হয় এবং তাদের অর্থ অনুধাবন করতে হয়। পাঠ্যপুস্তক পড়ার সময় এই বাড়তি চাপগুলো মস্তিষ্কের জন্য একটি চ্যালেঞ্জ। এভাবে কাজ করতে গিয়ে মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। তখন চোখ ও মস্তিষ্ক উভয়েরই বিশ্রামের প্রয়োজন হয়, যার ফলস্বরূপ ধীরে ধীরে চোখের পাতা ভারি হয়ে আসে এবং মস্তিষ্কে ঘুমের প্রয়োজনীয়তা উপলব্ধি হতে থাকে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকেই পড়ার সময় একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে চান। কেউ শুয়ে শুয়ে পড়েন, নয়তো বিশ্রামের ভঙ্গিতে শরীর এলিয়ে দিয়ে পড়েন। এমন আরামদায়ক পরিস্থিতিতে মস্তিষ্ক ধরে নেয় যে এটি বিশ্রামের সময়, ফলে ঘুমিয়ে পড়ে। এই ঘুমের কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা এবং গোটা ক্যারিয়ারই ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই পরিস্থিতি থেকে মুক্তির উপায়
এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু কার্যকর উপায় অবলম্বন করা যেতে পারে:
- বসার ভঙ্গি পরিবর্তন: বিছানায় শুয়ে বা আধা-শোয়া অবস্থায় না পড়ে, চেয়ারে সোজা হয়ে বসুন। এতে মস্তিষ্কের সক্রিয়তা বজায় থাকে।
- জোরে জোরে পড়া: পড়ার সময় জোরে জোরে উচ্চারণ করে পড়লে মস্তিষ্ককে আরও বেশি সক্রিয় থাকতে হয়, যা ঘুম তাড়াতে সহায়ক।
- পড়ার পাশাপাশি লেখা: পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলি লিখে রাখলে পড়া ভালো মনে থাকবে এবং ঘুমকে সহজে দূরে রাখা যাবে।
- আলোর ব্যবহার: উজ্জ্বল আলো আছে এমন রুমে পড়তে বসুন। পর্যাপ্ত আলো মস্তিষ্কে সজাগ থাকতে সাহায্য করে।
- চা-কফি পান: ক্লান্তি দূর করতে এবং সজাগ থাকতে সীমিত পরিমাণে চা বা কফি পান করতে পারেন।
- ভারী খাবার বর্জন: পড়ার আগে বা পড়ার সময় ভারী খাবার এড়িয়ে চলুন। ভারী খাবার শরীরে অলসতা নিয়ে আসে এবং ঘুম বাড়িয়ে দেয়।
- নিয়মিত ঘুম: ‘আর্লি টু বেড, আর্লি টু রাইজ’ অর্থাৎ তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়।
- জল পান: পড়ার মাঝে মাঝে জল পান করুন। এটি শরীরকে সতেজ রাখে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে।
এই টিপসগুলো অনুসরণ করলে পড়ার সময় ঘুম আসার সমস্যা অনেকটাই কমে যাবে এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে।