“হাতে ভারতের ভোটার কার্ড-আধার”-বাংলায় ফের পাকড়াও বাংলাদেশি

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পানিট্যাংকি সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে জাল ভারতীয় পরিচয়পত্র সহ গ্রেফতার করেছে সশস্ত্র সীমা বল (SSB)। এই ঘটনা আবারও ভারতের সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ সাম্প্রতিক সময়ে একের পর এক বাংলাদেশি নাগরিক জাল নথি নিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ছে।
সূত্রের খবর, সীমান্তে টহল দেওয়ার সময় এসএসবি জওয়ানরা ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরই তার কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট, জন্মপ্রমাণপত্র ও পরিচয়পত্রের পাশাপাশি ভারতীয় জাল আধার কার্ড এবং ভোটার কার্ড উদ্ধার হয়।
ধৃত যুবকের নাম রঞ্জিত বর্মন। সে বাংলাদেশের রংপুর ডিভিশনের বাসিন্দা। এসএসবি জানিয়েছে, রঞ্জিত ২০২১ সালে বৈধ ভিসায় চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। কিন্তু এরপর সে বাংলাদেশে ফিরে গিয়ে আবারও চোরাপথে ভারতে ঢুকে পড়ে। এরপর কোচবিহারে এসে সে গৌরসিংহ জোতের একটি এলাকায় আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল এবং সেখানেই মোটা অঙ্কের বিনিময়ে একটি চক্রের সাহায্যে ভারতীয় আধার ও ভোটার কার্ড তৈরি করে।
সীমান্ত সুরক্ষায় উদ্বেগ
এসএসবি সূত্রে খবর, এই চক্রটি বাংলাদেশি নাগরিকদের জাল ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তা করছে। রঞ্জিতকে জিজ্ঞাসাবাদের পর খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেও শিলিগুড়ির বাগডোগরা ও নকশালবাড়ি এলাকা থেকেও বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে জাল নথি সহ গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনাগুলি সীমান্ত সুরক্ষা বাহিনীর তৎপরতা বাড়ালেও, একই সাথে চোরাগোপ্তা অনুপ্রবেশের প্রবণতা এবং জালিয়াতির রমরমা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশের অভ্যন্তরে জাল পরিচয়পত্র তৈরির এই চক্রগুলিকে নির্মূল করতে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।