“দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে..”-অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন দাবি মমতার

পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং তার বিরুদ্ধে ভারতের চলমান লড়াইয়ের প্রকৃত চিত্র বিশ্বের সামনে তুলে ধরতে কেন্দ্র একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছে বিদেশ সফরে। এই পদক্ষেপকে ‘দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে’ স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে জানান যে, তিনি সন্ত্রাসবাদ বিরোধী প্রচারের অংশ হিসেবে এই সর্বদলীয় প্রতিনিধি দলের বিদেশ সফরকে সমর্থন করছেন। তিনি বলেন, “দেশের স্বার্থে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের যেকোনো পদক্ষেপের পাশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রয়েছে।”
মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে একটি তেরঙার ছবিও শেয়ার করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার অনুরোধ, সর্বদলীয় প্রতিনিধি দল নিরাপদে ফিরে এলে যেন অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, যাতে সাম্প্রতিক সংঘাত ও চলমান পরিস্থিতি নিয়ে দেশের মানুষকে বিশদে জানানো যায়।”
জানা গেছে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে যাচ্ছে এই সর্বদলীয় প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের মধ্যে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সহ একাধিক রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এশিয়ার একটি দলে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। জনতা দল (ইউনাইটেড) সাংসদ সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বে সেই দল ইতিমধ্যেই জাপানে পৌঁছেছে।
কেন্দ্রীয় সরকার ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিভিন্ন দেশে এই টিম পাঠাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দলগুলি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিষয়ে তথ্য তুলে ধরছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারত চাইছে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদকে আরও জোরালোভাবে নিন্দা করতে এবং এই বিষয়ে বৈশ্বিক সমর্থন আদায় করতে।