সালমানের বাড়িতে নিরাপত্তা লঙ্ঘন, কঠোর হলো গ্যালাক্সিতে প্রবেশ নিয়ম, আইডি কার্ড বাধ্যতামূলক!

গত এক দিনের ব্যবধানে পরপর দু’বার সালমান খানের (Salman Khan) বাড়ির নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত বছর থেকেই প্রাণসংশয়ে ভুগছেন ভাইজান। একের পর এক প্রাণনাশের হুমকি, গত বছর এপ্রিলে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি ছোঁড়ার ঘটনার জেরে অভিনেতা এবং তাঁর আবাসন কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছিল মুম্বই পুলিশ। সর্বক্ষণ ‘ওয়াই ক্যাটেগরি’ নিরাপত্তা নিয়ে ঘোরেন ভাইজান এবং ব্যবহার করেন বুলেটপ্রুফ গাড়ি। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টও ঢেকে দিয়েছেন বুলেটপ্রুফ কাঁচে। সম্প্রতি এই কড়া নিরাপত্তা বলয় ভেঙে দুই অনাহূত ব্যক্তি সালমানের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন, যার মধ্যে একজন সোজা আবাসনের লিফটের সামনে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। যদিও দু’জনকেই নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন। এই ঘটনা অভিনেতা এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তাই সালমানের সুরক্ষায় এবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের জন্য আরও কড়া নিয়ম জারি করল মুম্বই পুলিশ।

জানা যাচ্ছে, এখন থেকে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকতে গেলে পরিচয়পত্র (ID Card) দেখানো বাধ্যতামূলক। আইডি কার্ড দেখাতে পারলে তবেই গ্যালাক্সির ভিতরে যাওয়ার অনুমতি মিলবে, অন্যথায় নয়। এই নিয়মের ব্যতিক্রম নন বলিউড তারকারাও। তারকাদেরও পরিচয়পত্র দেখিয়ে সাল্লু ভাইয়ের বাড়িতে ঢুকতে হবে। অভিনেতা এবং তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেই মুম্বই পুলিশের দল এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নিরাপত্তায় ফাঁকি দিয়ে লুকিয়ে গ্যালাক্সিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হলেন ইশা ছাবড়া এবং জিতেন্দ্রকুমার সিংহ। শুক্রবার ইশাকে বান্দ্রা কোর্টে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জিতেন্দ্রকুমার সিংহের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। এই কঠোর পদক্ষেপগুলো সালমানের নিরাপত্তা জোরদার করার একটি অংশ, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।