বারুইপুরে খনিজ তেলের খোঁজে ওএনজিসি, কৃষকদের জমি অধিগ্রহণ, কর্মসংস্থানের আশা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১০০ একর এলাকা জুড়ে জোরকদমে চলছে মাটি খনন। বড় বড় মেশিন ও শতাধিক শ্রমিক দিন-রাত কাজ করছেন ফাঁকা মাঠে। দূর থেকে দেখে কাজের ধরন বোঝা না গেলেও, খোঁজ করতেই জানা গেল, এই এলাকায় কাজ করছে ওএনজিসি (তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন)। ভূগর্ভে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস সঞ্চিত আছে এমন অনুমান করেই এই পরীক্ষামূলক খনন কাজ চালাচ্ছে ওএনজিসি।
ওএনজিসি-র এক সুপারভাইজারের কাছ থেকে জানা গেছে, ওই এলাকায় ইতিমধ্যেই ওএনজিসি-র আধিকারিকদের থাকার জন্য ঘর এবং কনফারেন্স রুম সবই নির্মাণ করা হয়েছে। প্রাথমিকভাবে ১০০ একর জমিতে কাজ শুরু হলেও, পরে তা বাড়িয়ে ১০০০ একর করা হবে বলেও জানা যাচ্ছে। তবে ঠিক কী খনিজ সম্পদ পাওয়া যাবে ওই জমিতে, তা জানাতে পারেননি ওই সুপারভাইজার। এই প্রকল্প সফল হলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে বলেই আশা করছেন স্থানীয় গ্রামবাসীরা।
বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের ২০০ কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা তিন বছরের জন্য বিঘা প্রতি ২ লক্ষ টাকা করে পাবেন। বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার জানান, যদি ওই এলাকায় খনিজ সম্পদ পাওয়া যায়, তাহলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এই প্রকল্পটি বারুইপুর এলাকার অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।