কুলপিতে ভয়াবহ দুর্ঘটনা, ১৬ চাকার ট্রাকে ১২ চাকার লরির ধাক্কা, আহত চালক

দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ১১৭ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শ্যামবসুরচক পেট্রোল পাম্পের কাছে একটি ১৬ চাকার ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি ১২ চাকার পাঞ্জাব লরি। দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ছবি দেখে অনেকেই শিউরে উঠছেন। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং কুলপি থানায় খবর দেন। এরপর কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটিকে রাস্তার পাশে সরানোর চেষ্টা করে। দুই ট্রাকের চালককে উদ্ধার করারও চেষ্টা করা হয়। তবে পিছনের ট্রাকটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে, সেটিকে সরাতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়।
এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে। অবশেষে পুলিশ দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যে থাকা চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। ওই চালককে প্রথমে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটিকে জাতীয় সড়ক থেকে সরানোর কাজ চলছে।